ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ঋণ মিলবে ৮০ লাখ টাকা
ক.বি.ডেস্ক: দেশে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি ক্রয়ে ঋণের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব গাড়ি কিনতে একজন গ্রাহক ব্যাংক থেকে সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যা আগে ছিল ৬০ লাখ টাকা। একই সঙ্গে ব্যক্তিগত ঋণের সীমাও বাড়ানো হয়েছে।
গতকাল মঙ্গলবার (৪ মে) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়েছে, সাধারণ গাড়ির ক্ষেত্রে ঋণের সর্বোচ্চ সীমা ৬০ লাখ টাকা অপরিবর্তিত থাকলেও ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির জন্য বাড়তি সুবিধা দেয়া হয়েছে। নতুন নির্দেশনায় এসব পরিবেশবান্ধব গাড়ির ক্ষেত্রে ঋণ প্রদানে ব্যাংকগুলোকে আরও নমনীয় হতে বলা হয়েছে।
সাধারণ গাড়ির জন্য ঋণ-ইক্যুইটি অনুপাত ৬০:৪০ থাকলেও, ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে তা বাড়িয়ে ৮০:২০ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, কোনও হাইব্রিড বা ইলেকট্রিক গাড়ির মূল্য এক কোটি টাকা হলে ব্যাংক থেকে সর্বোচ্চ ৮০ লাখ টাকা ঋণ পাওয়া যাবে, বাকি ২০ লাখ টাকা গ্রাহককে নিজস্ব অর্থায়নে বহন করতে হবে।





