আসুস আরওজি-এর দুই দশক, গেমিং দুনিয়া বদলে দেয়া উদ্ভাবনী পণ্য
ক.বি.ডেস্ক: গেমিং দুনিয়ায় দুই দশক পূর্ণ করেছে আসুসের জনপ্রিয় গেমিং ব্র্যান্ড রিপাবলিক অব গেমার্স (আরওজি)। ২০০৬ সালে যাত্রার পর গত ২০ বছরে আরওজি শুধু উচ্চক্ষমতার গেমিং কমপিউটার ও ল্যাপটপ তৈরির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বরং নতুন প্রযুক্তি, ব্যতিক্রমী নকশা এবং বিভিন্ন সৃজনশীল প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে গেমিং হার্ডওয়্যারের প্রচলিত ধারণায় এনেছে একের পর এক পরিবর্তন।
একসময় গেমিং মানেই ছিল ডেস্কটপ কমপিউটারের সামনে বসে খেলা। কিন্তু আরওজি-এর মতো ব্র্যান্ডের উদ্ভাবনের ফলে সেই ধারণা বদলে গেমিং এখন হাতের মুঠোয়, সৃজনশীলতার অংশ এবং ব্যক্তিগত জীবনযাপনের স্টাইলেরও অংশ হয়ে ওঠছে। হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস থেকে ডুয়াল-স্ক্রিন ল্যাপটপ, আবার কখনও শিল্প, ফ্যাশন ও সংগীতের সঙ্গে প্রযুক্তির মেলবন্ধন গত দুই দশকে আরওজি সামনে এনেছে বেশ কিছু ব্যতিক্রমী পণ্য। এর মধ্যে আলোচিত কয়েকটি উদ্ভাবনী পণ্য এক নজরে দেখে নেয়া যাক।
আরওজি এক্সবক্স অ্যালি এক্স
হ্যান্ডহেল্ড গেমিংয়ের অভিজ্ঞতার সঙ্গে এক্সবক্সের গেমিং ইকোসিস্টেমকে যুক্ত করেছে আরওজি এক্সবক্স অ্যালি এক্স। এই ডিভাইসটি পিসি গেম লাইব্রেরি, এক্সবক্স ক্লাউড গেমিং এবং রিমোট প্লে-র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। একই সঙ্গে উইন্ডোজের নমনীয়তাও বজায় রাখবে। এই ধরনের ডিভাইস দেখাচ্ছে যে উন্নত মানের গেমিং অভিজ্ঞতা এখন আর শুধু ডেস্কটপ কমপিউটার বা গেমিং ল্যাপটপের মধ্যেই সীমাবদ্ধ নেই। হ্যান্ডহেল্ড ডিভাইসের মাধ্যমেও শক্তিশালী গেমিং অভিজ্ঞতার চাহিদা বাড়ছে।
আরওজি ফ্লো জেড১৩ কেজেপি এডিশন
গেমিংয়ের সঙ্গে গল্প বলা এবং শিল্পকলার মেলবন্ধনের অন্যতম উদাহরণ আরওজি ফ্লো জেড১৩ কেজেপি এডিশন। কোজিমা প্রোডাকশন্সের সঙ্গে যৌথভাবে তৈরি এই টু-ইন-ওয়ান গেমিং ডিভাইসটি লুডেন্স সিরিজ থেকে অনুপ্রাণিত। ডিভাইসটির শিল্পধর্মী নকশা তৈরি করেছেন ইয়োজি শিনকাওয়া। এর বিশেষ নকশা এবং বহুমুখী ব্যবহার দেখিয়েছে, গেমিং হার্ডওয়্যার শুধু প্রযুক্তিগত পারফরম্যান্সের মাধ্যম নয়, শিল্প ও সৃজনশীলতারও একটি প্ল্যাটফর্ম হতে পারে।
আরওজি জেফিরাস ডুও
গেমিং কমপিউটারে সাধারণত একটি স্ক্রিনই যথেষ্ট, এই প্রচলিত ধারণাকে বদলে দিয়েছে আরওজি জেফিরাস ডুও। এই ল্যাপটপে রয়েছে ডুয়াল-স্ক্রিন ব্যবস্থা। দুটি স্ক্রিনের সুবিধায় গেম খেলার পাশাপাশি একসঙ্গে একাধিক কাজ করা, স্ট্রিমিং এবং কনটেন্ট তৈরি করা সহজ হয়। বিশেষ করে গেমার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য অতিরিক্ত স্ক্রিন স্পেস ব্যবহারের সুযোগ তৈরি করেছে এই মডেল।
আরওজি জেফিরাস জি১৪ অ্যাক্রোনিম এডিশন
গেমিং প্রযুক্তির সঙ্গে ফ্যাশনের মেলবন্ধন ঘটিয়েছে আরওজি জেফিরাস জি১৪ অ্যাক্রোনিম এডিশন। বার্লিনের ডিজাইন প্রতিষ্ঠান অ্যাক্রোনিমের সঙ্গে যৌথভাবে তৈরি এই ল্যাপটপে প্রযুক্তির পাশাপাশি বিশেষ নকশাকে গুরুত্ব দেয়া হয়েছে। ল্যাপটপটিতে লেজার-এচড সারফেস, কাস্টম কিক্যাপ এবং অ্যানিমে ম্যাট্রিক্স লাইটিং রয়েছে। এর মাধ্যমে গেমিং ল্যাপটপকে শুধু পারফরম্যান্স-কেন্দ্রিক পণ্য হিসেবে না দেখে একটি ডিজাইন-কেন্দ্রিক পণ্য হিসেবেও তুলে ধরেছে আরওজি।
অ্যালান ওয়াকার এডিশন
গেমিং ও সংগীতের সম্পর্ককে সামনে রেখে সংগীত প্রযোজক অ্যালান ওয়াকারের সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছিল জেফিরাস জি১৪ অ্যালান ওয়াকার এডিশন। এই বিশেষ সংস্করণে রয়েছে কাস্টম অ্যানিমে ম্যাট্রিক্স ডিসপ্লে এবং আরওজি রিমিক্স বক্স। ইউএসবি ডিজে মিক্সার হিসেবে কাজ করা রিমিক্স বক্সের মাধ্যমে সংগীত তৈরি এবং রিমিক্স করার সুযোগ দেয়া হয়েছে। এই পণ্যটি দেখিয়েছে, গেমিং প্রযুক্তিকে সংগীতের মতো সৃজনশীল ক্ষেত্রের সঙ্গেও কীভাবে যুক্ত করা যায়।
আরওজি স্ট্রিক্স স্কার ১৮
আরওজি স্ট্রিক্স স্কার ১৮ (২০২৬) পারফরম্যান্সের দিকটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এটি আরওজির উচ্চক্ষমতাসম্পন্ন গেমিং ল্যাপটপগুলোর অন্যতম। ডিভাইসটিতে রয়েছে উচ্চক্ষমতার গ্রাফিক্স, উন্নত কুলিং ব্যবস্থা এবং শক্তিশালী হার্ডওয়্যার। মূলত হার্ডকোর গেমারদের কথা মাথায় রেখেই এই মডেল তৈরি করা হয়েছে।
আরওজি-এর ২০ বছরের যাত্রা শুধু দ্রুততর প্রসেসর, শক্তিশালী গ্রাফিক্স কিংবা উন্নত কুলিং প্রযুক্তির গল্প নয়। এই সময়ে প্রতিষ্ঠানটি গেমিং হার্ডওয়্যারকে নতুনভাবে ভাবার চেষ্টা করেছে বারবার। হ্যান্ডহেল্ড গেমিং, ডুয়াল-স্ক্রিন প্রযুক্তি, শিল্প ও সৃজনশীল নকশা, ফ্যাশন এবং সংগীত প্রতিটি ক্ষেত্রেই আরওজি দেখিয়েছে, গেমিং প্রযুক্তির সম্ভাবনা কতটা বিস্তৃত হতে পারে। গেমিং প্রযুক্তি কীভাবে প্রচলিত কমপিউটার থেকে বেরিয়ে আরও বিস্তৃত সৃজনশীল ও বিনোদন জগতের সঙ্গে যুক্ত হয়েছে, আরওজির দুই দশকের পথচলায় তারই প্রতিফলন দেখা যায়।





