অ্যাপল ব্যবহারকারীদের জন্য ইউগ্রিন-এর নতুন চার্জিং সমাধান
ক.বি.ডেস্ক: আইফোন, এয়ারপডস, আইপ্যাড ও ম্যাকবুক একসঙ্গে একাধিক অ্যাপল ডিভাইস ব্যবহারকারীদের জন্য নতুন তিনটি চার্জিং আনুষঙ্গিক পণ্য উন্মোচন করেছে ইউগ্রিন। মালয়েশিয়ায় উন্মোচিত নতুন পণ্যগুলোর মধ্যে রয়েছে ইউগ্রিন ম্যাগফ্লো প্রো ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ২৫ ওয়াট ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক, ম্যাগফ্লো টু-ইন-ওয়ান ভাঁজযোগ্য ম্যাগনেটিক তারহীন চার্জার ২৫ ওয়াট এবং নেক্সোড প্রো ১৬০ ওয়াট চার্জার।
ম্যাগফ্লো প্রো: ২৫ ওয়াটের ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক
নতুন সিরিজের প্রিমিয়াম মডেল ম্যাগফ্লো প্রো-তে রয়েছে ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারি এবং কিউআই২ প্রযুক্তির ২৫ ওয়াট ম্যাগনেটিক তারহীন চার্জিং সুবিধা। এটি আইফোন ১৮ প্রো ম্যাক্সকে প্রায় ৩০ মিনিটে ৪০ শতাংশ পর্যন্ত চার্জ করতে পারে। একই ফোনকে পূর্ণ চার্জে প্রায় ১ দশমিক ২৮ বার পর্যন্ত চার্জ দেয়ার সক্ষমতাও রয়েছে।
পাওয়ার ব্যাংকে থাকা বিল্ট-ইন ইউএসবি-সি তার সর্বোচ্চ ৪৫ ওয়াট শক্তি সরবরাহ করতে পারে এবং বহনের ফিতার মতোও ব্যবহার করা যায়। ইউএসবি-সি সংযোগের মাধ্যমে পাওয়ার ব্যাংকটি সর্বোচ্চ ৩০ ওয়াট গতিতে চার্জ করা যায়। এর অন্যতম বৈশিষ্ট্য ক্রায়োপালস তরল-শীতলীকরণ ব্যবস্থা। এতে মাইক্রোপাম্প, বাষ্পকক্ষ ও তাপ ছড়িয়ে দেয়ার স্তর ব্যবহার করা হয়েছে। ইউগ্রিনের পরীক্ষায় এই প্রযুক্তি চার্জিংয়ের সময় ফোনের তাপমাত্রা সর্বোচ্চ ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম রাখতে পারে। পাশাপাশি তাপ-নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতি সেকেন্ডে ২৪০ বার তাপমাত্রা পর্যবেক্ষণ করে।
ম্যাগফ্লো টু-ইন-ওয়ান: ভ্রমণের জন্য ভাঁজযোগ্য চার্জার
ম্যাগফ্লো টু-ইন-ওয়ান ভাঁজযোগ্য ম্যাগনেটিক তারহীন চার্জার ভাঁজ করে ছোট আকারে রাখা যায়। এতে রয়েছে ২৫ ওয়াটের ম্যাগনেটিক চার্জিং প্যাড এবং এয়ারপডস বা অন্যান্য তারহীন ইয়ারবাডের জন্য ৫ ওয়াটের চার্জিং প্যাড। ফোনটি খাড়া করে রেখে অ্যাপলের স্ট্যান্ডবাই সুবিধা ব্যবহার করা যায়। চার্জারটিতে রয়েছে ১৬টি চুম্বক, যা সর্বোচ্চ ১১ নিউটন আকর্ষণ শক্তি দিতে পারে। তাপ-নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতি সেকেন্ডে ২০০ বার তাপমাত্রা পর্যবেক্ষণ করে। প্যাকেজের সঙ্গে রয়েছে এক মিটার দীর্ঘ ইউএসবি-সি ক্যাবল।
নেক্সোড প্রো: ১৬০ ওয়াটের স্মার্ট চার্জার
নতুন সিরিজের সবচেয়ে শক্তিশালী মডেল নেক্সোড প্রো ১৬০ ওয়াট চার্জার। এতে রয়েছে বিল্ট-ইন ৭০ সেন্টিমিটার দীর্ঘ টেনে বের করা ও ভেতরে ঢুকিয়ে রাখা যায় এমন ইউএসবি-সি ক্যাবল। প্রয়োজনের সময় ক্যাবলটিট বের করে ব্যবহার করা যায় এবং কাজ শেষে চার্জারের ভেতরে ঢুকিয়ে রাখা যায়। চার্জারটিতে রয়েছে তিনটি ইউএসবি-সি এবং একটি ইউএসবি-এ সংযোগ।
বিল্ট-ইন ক্যাবল ও প্রথম ইউএসবি-সি সংযোগ সর্বোচ্চ ১৪০ ওয়াট, দ্বিতীয় ইউএসবি-সি সর্বোচ্চ ১০০ ওয়াট এবং ইউএসবি-এ সর্বোচ্চ ২২ দশমিক ৫ ওয়াট শক্তি সরবরাহ করতে পারে। সম্মিলিত সর্বোচ্চ শক্তি সরবরাহ ১৬০ ওয়াট। রঙিন পর্দায় চার্জিংয়ের বিভিন্ন তথ্য দেখা যায়। ব্লুটুথ ও ওয়াই-ফাই সমর্থিত ইউগ্রিনকানেক্ট অ্যাপ ব্যবহার করে চার্জিং পদ্ধতি, পর্দার উজ্জ্বলতা, নিস্ক্রিয় থাকার সময় সহ বিভিন্ন সেটিংস পরিবর্তন করা যায়। পৃথক সংযোগও নিয়ন্ত্রণ করা সম্ভব।





