উদ্যোগ

ভিওনের ৩০ বছর পূর্তি, ডিজিটাল সেবা সম্প্রসারণে বাংলালিংকের নতুন পরিকল্পনা

ক.বি.ডেস্ক: বাংলালিংকের মূল প্রতিষ্ঠান বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওন লিমিটেডের ৩০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের ডিজিটাল খাতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি। নিউইয়র্কের নাসডাক মার্কেটসাইটে আয়োজিত ‘ক্যাপিটাল মার্কেট ডে’ অনুষ্ঠানে ভিওন ২০৩০ সালকে কেন্দ্র করে ‘এ বেটার লাইফ ফর অল’ শীর্ষক দীর্ঘমেয়াদি কৌশল ঘোষণা করে।

‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাও’ উদ্যোগের আওতায় বাংলাদেশে প্রাথমিকভাবে ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ভিওন। পাশাপাশি দেশের ডিজিটাল অর্থনীতিতে মোট ১০০ কোটি ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনার লক্ষ্য নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি। বাংলালিংকের মাধ্যমে এ বিনিয়োগ ডিজিটাল সেবা সম্প্রসারণ, নতুন প্রযুক্তি চালু এবং দেশের ডিজিটাল ইকোসিস্টেম শক্তিশালী করতে কাজে লাগানো হবে।

প্রথাগত টেলিযোগাযোগ সেবার বাইরে ডিজিটাল অপারেটর হিসেবে কার্যক্রম বাড়াচ্ছে বাংলালিংক। এরই অংশ হিসেবে সম্প্রতি ডিজিটাল লেনদেনের প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু এবং ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেয়েছে অপারেটরটি। ডিজিটাল আর্থিক সেবা খাতেও নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে বাংলালিংক।

এদিকে ডিজিটাল রূপান্তরের পাশাপাশি কর্মীদের দক্ষতা ও উন্নয়নে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে ‘বেটার লাইফ ফর অল’ নামে নতুন এমপ্লয়ার ভ্যালু প্রপোজিশন (ইভিপি) চালু করেছে বাংলালিংক। এর মাধ্যমে কর্মীদের ব্যক্তিগত উন্নয়ন, ক্ষমতায়ন ও ইতিবাচক কর্মপরিবেশ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান বুসে বলেন, “ভিওনের ৩০ বছরের যাত্রা প্রমাণ করেছে, ডিজিটাল উদ্ভাবন মানুষের জীবন বদলে দিতে এবং নতুন সুযোগ তৈরি করতে পারে। বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলালিংক প্রতিশ্রুতিবদ্ধ। কর্মীদের উন্নয়ন ও সন্তুষ্টি গ্রাহকসেবার মান বাড়ানোর পাশাপাশি সমাজ ও দেশের অগ্রগতিতেও ভূমিকা রাখবে।”

ভিওনের চতুর্থ দশকের যাত্রায় ডিজিটাল সেবা, স্থানীয় চাহিদাভিত্তিক উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগই থাকবে প্রধান অগ্রাধিকার। বাংলাদেশে শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে নতুন কর্মসংস্থান ও প্রযুক্তিনির্ভর সুযোগ তৈরিতে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *