নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর ৯ শহরের চ্যাম্পিয়নদের নাম ঘোষণা
দেশের নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিটি শহরের চ্যাম্পিয়ন, প্রথম ও দ্বিতীয় রানারআপ দলের নাম ঘোষণা করা হয়।
ক.বি.ডেস্ক: দেশজুড়ে তরুণ উদ্ভাবক, প্রযুক্তিপ্রেমী ও সমস্যা সমাধানকারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ পর্বের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ একটি আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা, যেখানে বিজ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীল চিন্তাকে কাজে লাগিয়ে পৃথিবী এবং মহাকাশ-সম্পর্কিত নানা সমস্যার সমাধান খোঁজেন অংশগ্রহণকারীরা। এবারের বাংলাদেশ পর্বেও দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের অংশগ্রহণে নতুন ধারণা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও সমস্যা সমাধানের সক্ষমতা তুলে ধরার সুযোগ তৈরি হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে অংশ নেয়া দলগুলোর সাফল্য ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি স্বরুপ বিজয়ী দলগুলোকে পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট পরিচালক স্কট হার্টম্যান।
৯ শহরের বিজয়ী দল যারা
এবারের নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে দেশের নয়টি শহর থেকে বিজয়ী ও রানারআপ দল নির্বাচন করা হয়। শহরভিত্তিক ফলাফলে ঢাকায় চ্যাম্পিয়ন হয়েছে পেনুমব্রা; প্রথম রানারআপ লাস্ট কল এবং দ্বিতীয় রানারআপ টিম পোলারিস। চট্টগ্রামে চ্যাম্পিয়ন হয়েছে প্রজন্ম অ্যাপোলো; প্রথম রানারআপ টিম পিটিএসডি এবং দ্বিতীয় রানারআপ খাট্টা বিউন। বরিশালে চ্যাম্পিয়ন হয়েছে অ্যাস্ট্রোবোন; প্রথম রানারআপ স্পেসড আউট ক্যাটস এবং দ্বিতীয় রানারআপ টিম অ্যাগামেমনন।
ময়মনসিংহে চ্যাম্পিয়ন হয়েছে গ্যালাকটিক পোয়েট; প্রথম রানারআপ টিম ব্রেইনস্টর্ম ট্রুপার্স এবং দ্বিতীয় রানারআপ স্পেস অডিসি। রাজশাহীতে চ্যাম্পিয়ন হয়েছে অ্যাকুইলা; প্রথম রানারআপ দুষ্টু কোকিল এবং দ্বিতীয় রানারআপ মাইনাস ওয়ান। সিলেটে চ্যাম্পিয়ন হয়েছে টিম প্রতিকৃতি; প্রথম রানারআপ ওয়াইড উইভ এবং দ্বিতীয় রানারআপ টিম কসমিক ইক্লিপস।
খুলনায় চ্যাম্পিয়ন হয়েছে নোভালজিটস; প্রথম রানারআপ টিম কসমোরা এবং দ্বিতীয় রানারআপ অ্যাস্ট্রোডটস। কুমিল্লায় চ্যাম্পিয়ন হয়েছে এআইভিয়ন; প্রথম রানারআপ টিম অ্যাস্ট্রাল এবং দ্বিতীয় রানারআপ ক্রোনো স্ট্রাইডার। রংপুরে চ্যাম্পিয়ন হয়েছে টিম অবলিভিয়ন; প্রথম রানারআপ উইন+আর এবং দ্বিতীয় রানারআপ নিউরাভেস্টা।
দেশের নয়টি শহরে প্রতিযোগিতার স্থানীয় আয়োজন ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন সংশ্লিষ্ট লোকাল লিডরা। ঢাকায় মোহাম্মদ মাহদিউজ্জামান, চট্টগ্রামে অভিজিৎ ভৌমিক, ময়মনসিংহে আনিসুল হক ভূঁইয়া, খুলনায় সানজার আদনান আলম, সিলেটে দেলোয়ার আলম, রাজশাহীতে তৌফিক এলাহী প্লাবন, রংপুরে রিফাত ইসলাম রিফাত, কুমিল্লায় মো. পারভেজ কাউসার এবং বরিশালে আরিফুল হাসান অপু দায়িত্ব পালন করেন।
এবারের নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ পর্বের টাইটেল স্পনসর ছিল এআইইউবি। তরুণ উদ্ভাবক, ডেভেলপার, গবেষক ও সমস্যা সমাধানকারীদের নিজেদের সৃজনশীল ধারণা এবং প্রযুক্তিগত দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরিতে সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয়টি।
নয়টি শহরের প্রতিযোগিতা, বিজয়ীদের স্বীকৃতি এবং সমাপনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ পর্ব।





