মোবাইল স্মার্টফোন

ড্যাজলের আউটলেটে অনার ৬০০এস ক্রয়ে থাকছে স্মার্ট ওয়াচ, মোটরসাইকেল জেতার সুযোগ

ক.বি.ডেস্ক: বাংলাদেশের বাজারে স্মার্টফোন ‘অনার ৬০০এস’-এর বিক্রি শুরু করেছে স্মার্টফোন ও গ্যাজেট বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজল। অনার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠানটি দেশে স্মার্টফোনটির একমাত্র বিক্রেতা হিসেবে কাজ করছে। ড্যাজলের আউটলেট থেকে অনার ৬০০এস কিনলে উপহার হিসেবে পাওয়া যাচ্ছে অনার স্মার্ট ওয়াচ ৬আই ও একটি ট্রাভেল ব্যাগ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ড্যাজলের শোরুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফোনটির বিক্রি কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ল্যাং গুও, হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন, হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন এবং ড্যাজলের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল ইসলাম খান।

ড্যাজলের আউটলেট থেকে অনার ৬০০এস ক্রয়ের পাশাপাশি ড্যাজল কেয়ার প্লাসের আওতায় থাকছে বর্ধিত সুরক্ষা ও রক্ষণাবেক্ষণ সুবিধা। ক্রেতাদের জন্য রয়েছে মোটরসাইকেল জেতার লটারিতে অংশ নেয়ার সুযোগও। এ ছাড়া ছয় মাসের সুদবিহীন কিস্তিতে ফোনটি কেনা যাবে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এসব অফার কার্যকর থাকবে।

ল্যাং গুও বলেন, “অনার ৬০০এস-এ দৈনন্দিন ব্যবহারকারীদের প্রয়োজন বিবেচনায় বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে। ড্যাজলের সঙ্গে এই অংশীদারিত্বের ফলে গ্রাহকেরা ফোনটি সরাসরি দেখে এর প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন। স্মার্টফোনের বাইরেও কানেক্টেড টেকনোলজি ইকোসিস্টেমের প্রসারে কাজ করছে অনার। এ ধরনের অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের কাছে আমাদের পণ্য ও সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।”

মো. দিদারুল ইসলাম খান বলেন, “অনার ৬০০এস-এর মাধ্যমে গ্রাহকেরা অনারের প্রযুক্তি সরাসরি ব্যবহারের সুযোগ পাবেন। এই অংশীদারিত্বের ফলে ড্যাজলের বিভিন্ন আউটলেটে ফোনটি পাওয়া যাচ্ছে। বিশেষ অফারের মধ্য দিয়ে এর বিক্রিও শুরু হয়েছে।”

ফিচারের দিক থেকে অনার ৬০০এস-এ রয়েছে ৮ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। ফোনটি আড়াই মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও ধাক্কা সামলাতে সক্ষম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া এতে রয়েছে আইপি৬৯ মানের পানি প্রতিরোধব্যবস্থা।

ফোনটিতে আলাদা এআই বাটন যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন ফিচার ব্যবহার করা যায়। এর মধ্যে রয়েছে ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’। ব্যবহারকারীদের জীবনযাপন, কাজের ধরন ও প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ ও কার্যকর করে তুলতে বিভিন্ন ডিভাইস ও সংযুক্ত প্রযুক্তির ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে অনার।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *