আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

মাইক্রনের ৫১২ জিবি ডিডিআর৫ র‍্যাম, এক সার্ভারে মিলবে ১২ টেরাবাইট মেমোরি

ক.বি.ডেস্ক: সার্ভারে বিপুল পরিমাণ তথ্য দ্রুত প্রক্রিয়াকরণের চাহিদা বাড়ায় উচ্চক্ষমতার মেমোরি প্রযুক্তিতেও পরিবর্তন আসছে। এবার একক মডিউলেই ৫১২ গিগাবাইট ধারণক্ষমতার ডিডিআর৫ মেমোরি উন্মোচন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মেমোরি নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রন। নতুন মডিউলটি প্রতি সেকেন্ডে ৯২০০ মেগাট্রান্সফার গতিতে তথ্য আদান-প্রদান করতে পারবে।

মাইক্রনের দাবি, চারটি ১২৮ গিগাবাইট মডিউলের তুলনায় একটি ৫১২ গিগাবাইট মডিউল পরিচালনায় ৬০ শতাংশের বেশি কম বিদ্যুৎ প্রয়োজন হবে। ফলে বড় তথ্যকেন্দ্রে বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি উচ্চক্ষমতার সার্ভার পরিচালনাও সহজ হতে পারে।

মূলত বিপুল পরিমাণ মেমোরি প্রয়োজন এমন সার্ভারের জন্য তৈরি করা হয়েছে নতুন মডিউলটি। তথ্য বিশ্লেষণ, বৃহৎ তথ্যভান্ডার, ভার্চুয়াল কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জটিল বৈজ্ঞানিক হিসাবের মতো কাজে এটি ব্যবহার করা যাবে। মাইক্রনের নতুন মডিউল ব্যবহার করে একটি সার্ভারে সর্বোচ্চ ১২ টেরাবাইট পর্যন্ত মেমোরি স্থাপন করা সম্ভব হবে।

মাইক্রনের তথ্য অনুযায়ী, একটি ৫১২ গিগাবাইট মডিউল পরিচালনায় প্রায় ১৬ ওয়াট বিদ্যুৎ লাগে। বিপরীতে একই ৫১২ গিগাবাইট ধারণক্ষমতার জন্য চারটি ১২৮ গিগাবাইট মডিউল ব্যবহার করলে মোট বিদ্যুৎ খরচ হয় প্রায় ৪৪.২ ওয়াট। ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা দিতে মাইক্রন একাধিক মেমোরি চিপ স্তরে স্তরে সাজানোর উন্নত প্যাকেজিং প্রযুক্তি ব্যবহার করেছে। মডিউলটি ১.১ ভোল্ট বিদ্যুৎ ব্যবস্থায় ৯২০০ মেগাট্রান্সফার গতিতে কাজ করতে পারে।

নতুন মেমোরি মডিউলটি ইতোমধ্যে এএমডি ও ইন্টেলের পরবর্তী প্রজন্মের সার্ভার প্ল্যাটফর্মে পরীক্ষাধীন রয়েছে। মাইক্রন জানিয়েছে, ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে এর বাণিজ্যিক উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে। উৎপাদনের পরিমাণ নির্ধারণ করা হবে গ্রাহকের চাহিদার ভিত্তিতে।

মাইক্রনের দাবি, মেমোরি-নির্ভর স্পার্ক এসভিএম বিশ্লেষণ কাজে ৫১২ গিগাবাইট মেমোরি ব্যবহার করা ব্যবস্থা ২৫৬ গিগাবাইট ডিডিআর৫ মেমোরির তুলনায় সর্বোচ্চ ১.৪ গুণ বেশি কর্মক্ষমতা দিতে পারে। রকসডিবি ও রেডিসের মতো তথ্যভান্ডার ব্যবস্থাতেও বেশি মেমোরি একই সময়ে বেশি তথ্য প্রক্রিয়াকরণে সহায়তা করতে পারে।

তবে এর মূল্য বড় প্রশ্ন। বর্তমানে ২৫৬ গিগাবাইট ডিডিআর৫-৬৪০০ নিবন্ধিত মেমোরি মডিউলের মূল্য প্রায় ১৯ হাজার মার্কিন ডলার। ফলে ৫১২ গিগাবাইট মডিউলের মূল্য আরও বেশি হতে পারে। তাই শুরুতে সাধারণ কমপিউটারের বদলে উচ্চক্ষমতার সার্ভার ও বড় তথ্যকেন্দ্রেই এর ব্যবহার সীমিত থাকার সম্ভাবনা রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *