বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে
ক.বি.ডেস্ক: বিকাশ আয়োজিত ৬ষ্ঠ ’পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ‘টেকনোলজি অ্যাওয়ার্ড’ অর্জন করেছে হুয়াওয়ে। বাংলাদেশজুড়ে আট কোটি চল্লিশ লাখেরও বেশি ব্যবহারকারীর জন্য ডিজিটাল আর্থিক সেবার উন্নয়নে প্রযুক্তি সরবরাহকারী ও সহযোগী হিসেবে হুয়াওয়ের অবদানকে এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেয়া হয়।
বিকাশের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগ আয়োজিত অনুষ্ঠানে ৮টি বিভাগে মোট ১৭টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের কোটি কোটি মানুষের জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আরও সহজলভ্য ও নিরবচ্ছিন্ন করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। হুয়াওয়ে বিকাশের প্রযুক্তিগত অবকাঠামোতে অবদান রাখায় এই স্বীকৃতি পেয়েছে।
এই বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদুল আলম সহ বিকাশের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ। বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড গ্রহণ করেন হুয়াওয়ে বাংলাদেশের অ্যাকাউন্ট ডিরেক্টর ডু কংকং।
মোহাম্মদ রাশেদুল আলম বলেন, “হুয়াওয়ের মতো সহযোগীরা সুনিয়ন্ত্রিত কমপ্লায়েন্স, সর্বোচ্চ নিষ্ঠা এবং সহযোগিতামূলক অংশীদারিত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বিষয়গুলো আমাদের কোটি কোটি ব্যবহারকারীর জন্য আরও উন্নত সেবার অভিজ্ঞতা নিশ্চিত করতে সহায়তা করছে।”
ডু কংকং বলেন, “এই স্বীকৃতি বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ গঠনে আমাদের দীর্ঘদিনের অঙ্গীকারকে তুলে ধরেছে। বিকাশের সঙ্গে আমরা এমন একটি প্রযুক্তিগত অবকাঠামো নির্মাণে কাজ করে যাব, যা আধুনিক আর্থিক সেবার মাধ্যমে দেশের কোটি কোটি মানুষের ক্ষমতায়নে ভূমিকা রাখবে।”
প্রায় এক দশক ধরে হুয়াওয়ে ও বিকাশ বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবার অবকাঠামো গঠন ও সম্প্রসারণে এবং এটিকে ভবিষ্যতের জন্য উপযোগী করে তুলতে একসঙ্গে কাজ করে আসছে। বিকাশের অন্যতম প্রধান প্রযুক্তি অংশীদার হিসেবে হুয়াওয়ে ধারাবাহিকভাবে আধুনিক, নিরাপদ ও নির্ভরযোগ্য প্রযুক্তিগত অবকাঠামো নিশ্চিত করেছে, যা সারা দেশে বিকাশের দ্রুত সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।





