সাম্প্রতিক সংবাদ

তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে হুয়াওয়ে, আবেদন চলছে

ক.বি.ডেস্ক: প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে বাংলাদেশ ডিজিটাল পাওয়ার, পাবলিক অ্যাফেয়ার্স এবং এন্টারপ্রাইজ বিজনেস বিভাগে অভিজ্ঞ পেশাজীবীদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটি সিনিয়র ফটোভোলটাইক সলিউশন ম্যানেজার (ডিজিটাল পাওয়ার), সিনিয়র পাবলিক অ্যাফেয়ার্স স্পেশালিস্ট এবং অ্যাকাউন্ট ম্যানেজার (এন্টারপ্রাইজ) পদে জনবল নিয়োগ দেবে।

ডিজিটাল পাওয়ার বিভাগের ফটোভোলটাইক সলিউশন সিনিয়র ম্যানেজার পদে নির্বাচিত প্রার্থীকে সৌরবিদ্যুৎ, এনার্জি স্টোরেজ, ডেটা সেন্টার এনার্জি এবং স্মার্ট এনার্জি সলিউশনের ব্যবসা সম্প্রসারণে কাজ করতে হবে। পাশাপাশি গ্রাহক সম্পর্ক উন্নয়ন, কারিগরি পরামর্শ প্রদান, পণ্যের প্রচার, বাজার কৌশল নির্ধারণ এবং শক্তিশালী ব্যবসায়িক ইকোসিস্টেম গড়ে তোলার দায়িত্ব পালন করতে হবে।

এই পদে আবেদন করতে ইঞ্জিনিয়ারিং বিষয়ে (বিশেষ করে ইইই, সিএসই, ইসিই বা ইটিই) স্নাতক ডিগ্রির পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি, আইসিটি অথবা এন্টারপ্রাইজ সলিউশন খাতে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া সলিউশন বা প্রোডাক্ট ম্যানেজার হিসেবে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক।

সিনিয়র পাবলিক অ্যাফেয়ার্স স্পেশালিস্ট পদে দায়িত্বের মধ্যে রয়েছে সরকারি সংস্থা ও বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে সমন্বয় বজায় রাখা, পাবলিক অ্যাফেয়ার্স কার্যক্রম পরিচালনা, শিল্পখাতের নীতিমালা বিশ্লেষণ এবং কোম্পানির ব্যবসায়িক লক্ষ্য বাস্তবায়নে সহায়ক বিভিন্ন উদ্যোগ গ্রহণ।

এ পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা তদূর্ধ্ব ডিগ্রি থাকতে হবে। কমিউনিকেশনস, পাবলিক রিলেশন্স, রাষ্ট্রবিজ্ঞান কিংবা বিজনেস বিষয়ে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি টেলিযোগাযোগ বা আইসিটি খাতে কমপক্ষে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

এন্টারপ্রাইজ বিভাগের অ্যাকাউন্ট ম্যানেজার পদে নির্বাচিত প্রার্থী সরকারি খাতে ব্যবসা সম্প্রসারণ, গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা, সেলস প্রজেক্ট পরিচালনা, মার্কেট অপারেশনস এবং অংশীদারিত্ব উন্নয়নে কাজ করবেন।

এই পদে আবেদন করতে ইঞ্জিনিয়ারিং (ইইই, সিএসই, ইসিই, ইটিই) অথবা বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রির পাশাপাশি এন্টারপ্রাইজ মার্কেট, অ্যাকাউন্ট সেলস ও সরকারি খাতের ব্যবসায় অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীরা হুয়াওয়ের নির্ধারিত অনলাইন আবেদন লিংকের মাধ্যমে সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *