সাম্প্রতিক সংবাদ

ঢাকায় শুরু হলো ফিনিক্স সামিট ২০২৬, গুরুত্ব পাচ্ছে সাইবার নিরাপত্তা

ক.বি.ডেস্ক: বাংলাদেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল রিজাইলেন্স জোরদারের লক্ষ্যে রাজধানী ঢাকায় শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ সাইবার নিরাপত্তা সম্মেলন ‘‘ফিনিক্স সামিট ২০২৬’’। ‘ক্লোজিং দ্য সাইবার গ্যাপ ইন ইমার্জিং ইকোনোমিস’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাঁচ দিনব্যাপী (২৩-২৭ জুন) এ আয়োজনের মূল কনফারেন্স গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) উদ্বোধন করা হয়।

ফিনিক্স সামিট ২০২৬- এর উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অনুষ্ঠানে সরকারি নীতিনির্ধারক, শিল্পখাতের শীর্ষ নির্বাহী, একাডেমিক প্রতিনিধি, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, প্রযুক্তি গবেষক, শিক্ষার্থী এবং দেশ-বিদেশের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

দেশের অন্যতম সাইবার নিরাপত্তা উদ্যোগ দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি), ব্র্যাক ব্যাংক পিএলসি-এর সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করেছে। সহযোগিতা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ ও ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএসএ)। আয়োজকদের প্রত্যাশা, পাঁচ দিনের এ সামিটে ১০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী যুক্ত হবেন।

সম্মেলনের প্রথম দিনে সাইবার নিরাপত্তা, ডিজিটাল রিজাইলেন্স, জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা, উদীয়মান প্রযুক্তি এবং বৈশ্বিক সাইবার হুমকি মোকাবিলা নিয়ে একাধিক বিশেষজ্ঞ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় দেশি-বিদেশি বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা, গবেষণালব্ধ তথ্য এবং নীতিগত সুপারিশ তুলে ধরেন।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘‘বাংলাদেশে এ ধরনের আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা উদ্যোগের পরিকল্পনা প্রথম শুনেই তিনি অভিভূত হন। তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা খাতকে এগিয়ে নিতে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’’

দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার এ এস এম শামীম রেজা বলেন, ‘‘বর্তমান সময়ে সাইবার নিরাপত্তা শুধু প্রযুক্তিগত বিষয় নয়; এটি জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ডিজিটাল সার্বভৌমত্বের অন্যতম ভিত্তি। সরকার, শিল্পখাত, একাডেমিয়া এবং সাইবার নিরাপত্তা পেশাজীবীদের একই প্ল্যাটফর্মে এনে দেশের সাইবার সক্ষমতা আরও শক্তিশালী করাই এই আয়োজনের মূল লক্ষ্য।’’

উল্লেখ্য, গত ২৩ জুন থেকে সামিটের প্রাক-সম্মেলন কার্যক্রম শুরু হয়। প্রথম তিন দিনে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে বিভিন্ন কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অংশগ্রহণকারীরা সাইবার তদন্ত, ডেভসেকঅপস, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট এবং র‍্যানসামওয়্যার প্রতিরোধ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *