সামরিক ডেটা সুরক্ষায় ‘ইউরোসেটরি ২০২৬’-এ টিমগ্রুপ
ক.বি.ডেস্ক: তথ্য নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতের জন্য উন্নত স্টোরেজ সমাধান নিয়ে ‘‘ইউরোসেটরি ২০২৬’’-এ অংশ নিচ্ছে টিম গ্রুপ ইনকরপোরেটেড। প্রতিষ্ঠানটির শিল্পখাতভিত্তিক ব্র্যান্ড টিমগ্রুপ ইন্ডাস্ট্রিয়াল এবং কৌশলগত অংশীদার সিনট্রোনস-এর সঙ্গে যৌথভাবে ফ্রান্সের প্যারিস নর্ড ভিলপান্তে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী (১৫-১৯ জুন) এই আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিচ্ছে। প্রদর্শনীতে সামরিক ও এন্টারপ্রাইজ পর্যায়ের ডেটা নিরাপত্তা সমাধান তুলে ধরা হবে, যা সংবেদনশীল তথ্য ফাঁসের ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
ইউরোসেটরি বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রযুক্তি প্রদর্শনী। ফ্রান্সের প্যারিসে প্রতি দুই বছর অন্তর আয়োজিত এ আন্তর্জাতিক আসরে বিভিন্ন দেশের প্রযুক্তি প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও নিরাপত্তা খাতসংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নিয়ে সর্বাধুনিক উদ্ভাবন ও প্রযুক্তি প্রদর্শন করে। ইউরোসেটরি প্রতি আসরে এক লাখেরও বেশি পেশাজীবীকে একত্র করে এবং এটি বৈশ্বিক প্রতিরক্ষা ও নিরাপত্তা শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও প্রযুক্তিগত প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত
ওয়ান-ক্লিক ডেটা ডেস্ট্রাকশন প্রযুক্তি প্রদর্শন
প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হবে টিমগ্রুপের পেটেন্টপ্রাপ্ত ওয়ান-ক্লিক ডেটা ডেস্ট্রাকশন প্রযুক্তি। একাধিক দেশে পেটেন্ট পাওয়া এই প্রযুক্তির মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দূরবর্তীভাবে সংবেদনশীল তথ্য তাৎক্ষণিক ও স্থায়ীভাবে মুছে ফেলা সম্ভব। বিশেষ করে প্রতিরক্ষা খাতে ব্যবহারের জন্য এতে ওয়্যারলেস ডেটা ধ্বংসের সুবিধাও যুক্ত করা হয়েছে।
পি২৫০কিউ এসএসডি: সামরিক পর্যায়ের ডেটা সুরক্ষা
টিমগ্রুপের পি২৫০কিউ ওয়ান-ক্লিক ডেটা ডেস্ট্রাকশন এসএসডি সিরিজ বিশেষভাবে সামরিক, জাতীয় নিরাপত্তা ও এআই এজ কম্পিউটিং পরিবেশের জন্য তৈরি। এতে লজিক্যাল ইরেজ ও ফিজিক্যাল ডেস্ট্রাকশন দুই স্তরের ডেটা ধ্বংস ব্যবস্থা রয়েছে। শত্রুপক্ষের হাতে ডিভাইস চলে যাওয়ার আশঙ্কা দেখা দিলে একটি মাত্র কমান্ডেই তথ্য ধ্বংস করা সম্ভব।
এ ছাড়া অনির্ভরযোগ্য বিদ্যুৎ পরিস্থিতিতেও ডেটা ধ্বংস প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এতে পাওয়ার-রিজিউম ধ্বংস প্রক্রিয়া যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীদের সুবিধার জন্য রয়েছে এলইডি স্ট্যাটাস ইন্ডিকেটর ও ভুলবশত সক্রিয় হওয়া ঠেকাতে বিশেষ সুরক্ষা ব্যবস্থা। এই পি২৫০কিউ এসএসডি ইতোমধ্যে ২০২৫ কম্পিউটেক্স বিসি অ্যাওয়ার্ড (সিকিউরিটি ক্যাটাগরি) এবং ২০২৬ তাইওয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে।
মোবাইল স্টোরেজেও ডেটা ধ্বংস প্রযুক্তি
টিমগ্রুপ টি-ক্রিয়েট এক্সপার্ট পি৩৫এস এক্সটার্নাল এসএসডি নামের একটি পোর্টেবল স্টোরেজ ডিভাইসও প্রদর্শন করছে, যেখানে একই ধরনের ওয়ান-ক্লিক ডেটা ডেস্ট্রাকশন প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ইউএসবি ৩.২ জেন২ সমর্থিত এই এসএসডিতে সর্বোচ্চ ২ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা রয়েছে। এটি বিশেষভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক ও আর্থিক খাতের গোপন তথ্য সংরক্ষণের জন্য উপযোগী।
সিনট্রোনস-এর সঙ্গে যৌথ সমাধান
ইউরোসেটরি ২০২৬-এ টিমগ্রুপ ও সিনট্রোনস যৌথভাবে একটি এজ এআই প্রতিরক্ষা কাঠামোও উপস্থাপন করছে। এতে সিনট্রোনসের সামরিক মানের এজ এআই কমপিউটার এবং টিমগ্রুপ ইন্ডাস্ট্রিয়ালের পি২৫০কিউ এসএসডি একত্রে ব্যবহৃত হবে। প্রতিষ্ঠান দুটি দাবি করেছে, তাদের পণ্য সামরিক মানের শক ও ভাইব্রেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যা কঠিন পরিবেশেও নির্ভরযোগ্যতা নিশ্চিত করে।
টিমগ্রুপ জানিয়েছে, ইউরোসেটরি ২০২৬-এ তারা শুধু উচ্চক্ষমতাসম্পন্ন স্টোরেজ নয়, বরং অ্যাপ্লিকেশন পারফরম্যান্স থেকে ক্রিটিক্যাল ডেটা সিকিউরিটিতে নিজেদের অগ্রযাত্রার নতুন অধ্যায় তুলে ধরবে। প্রতিষ্ঠানটি বৈশ্বিক অংশীদার ও প্রযুক্তি পেশাজীবীদের তাদের যৌথ স্টলে আমন্ত্রণ জানিয়েছে।





