বিসিএস বরিশাল শাখা: চেয়ারম্যান রইস উদ্দিন ও সেক্রেটারি জিল্লুর রহমান
ক.বি.ডেস্ক: দেশের আইসিটি শিল্পের প্রধান বাণিজ্য সংগঠন বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস)- এর ১১টি শাখা কমিটির ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের (ইসি) নির্বাচন গত ১৪ জুন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ১১টি শাখা কমিটির মধ্যে ১০টি শাখা কমিটি রংপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, কুষ্টিয়া, যশোর, খুলনা ও বরিশাল শাখার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। পাশাপাশি রাজশাহী শাখায় নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজশাহী শাখা কমিটিতে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
বিসিএস বরিশাল শাখা
বিসিএস-এর ২০২৬-২৮ মেয়াদের বরিশাল শাখা কমিটির চেয়ারম্যান হলেন আর্ক কমপিউটার সিস্টেমসের সাইদ মো. রইস উদ্দিন এবং সেক্রেটারি হলেন ইউনিভার্সেল কমপিউটারের জিল্লুর রহমান (সোহেল)। ভাইস চেয়ারম্যান কমপিউটার জোনের (বরগুনা) কৃষ্ণ কান্ত কর্মকার। জয়েন্ট সেক্রেটারি গ্লোবাল আইটি পার্ক ইন্টারন্যাশনালের মো. ইয়াসির আরাফাত মৃধা। কোষাধ্যক্ষ ট্রাস্ট কমপিউটারের মো. ফয়সাল কবির। সদসদ্বয় হলেন নেক্সাস আইটি অ্যান্ড কমপিউটার সিস্টেমের মোহাম্মদ শহিদুল ইসলাম ও স্পিড সলিউশনের মাসুক কামাল।
বিসিএস বরিশাল শাখার সেক্রেটারি জিল্লুর রহমান বলেন, “বরিশাল অঞ্চলে তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ এবং প্রযুক্তিপণ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে একটি আধুনিক প্রযুক্তিপণ্য বাজার (আইটি মার্কেট) প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন ধরে বরিশালের প্রযুক্তিপ্রেমী, উদ্যোক্তা, শিক্ষার্থী ও সাধারণ ব্যবহারকারীদের প্রয়োজনীয় প্রযুক্তিপণ্য সংগ্রহের জন্য ঢাকা সহ অন্যান্য বড় শহরের ওপর নির্ভর করতে হয়। এই নির্ভরশীলতা কমিয়ে স্থানীয় পর্যায়ে একটি সমন্বিত প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য।”
তিনি আরও বলেন, “শুধু প্রযুক্তিপণ্য বিক্রির বাজারই নয়, বরং বিভিন্ন ব্র্যান্ডের অনুমোদিত সার্ভিস সেন্টার স্থাপনের উদ্যোগও নেয়া হবে। এর ফলে ব্যবহারকারীরা দ্রুত ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা পাবেন এবং প্রযুক্তিপণ্যের রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য অন্য শহরে যেতে হবে না। এতে সময় ও ব্যয় উভয়ই সাশ্রয় হবে। স্থানীয় ব্যবসায়ী, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতায় এমন একটি পরিবেশ তৈরি করা হবে, যেখানে সর্বাধুনিক প্রযুক্তিপণ্য, মানসম্মত সেবা এবং প্রযুক্তিবিষয়ক নানা সুযোগ-সুবিধা এক ছাতার নিচে পাওয়া যাবে।”
বিসিএস- এর ১১টি শাখা কমিটির ২০২৬-২৮ মেয়াদের ইসি নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ছিলেন আই টেক আনলিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম এইচ শহিদুল হক। সদস্যদ্বয় ছিলেন ওরিয়েন্ট কম্পিউটারসের স্বত্বাধিকারী মো. জাবেদুর রহমান শাহীন ও স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন সুমন। অ্যাপিল বোর্ডের চেয়ারম্যান ছিলেন অ্যাডভান্স কমপিউটার টেকনোলজির স্বত্বাধিকারী চৌধুরী মো. আসলাম। সদস্যদ্বয় ছিলেন সুপেরিয়র ইলেক্ট্রনিক্স প্রা. লি. এর পরিচালক মো. নাজমুল হক ও মাইক্রোওয়ে সিস্টেমসের স্বত্বাধিকারী মো. শহিদুজ্জামান।





