ই-স্পোর্টস নেশনস কাপে বাংলাদেশ
ক.বি.ডেস্ক: আগামী নভেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিতব্য ই-স্পোর্টসের বিশ্বকাপ খ্যাত ‘ই-স্পোর্টস নেশনস কাপ’-এ প্রথমবার অংশগ্রহণ করবে বাংলাদেশ দল। ই-স্পোর্টস নেশনস কাপে বাংলাদেশ ১৫টি ভিন্ন ভিন্ন ই-স্পোর্টসে অংশগ্রহণ করবে। ১৫ ইভেন্টে বাংলাদেশ থেকে অংশ নেবে ৫০ জন গেমার। বাংলাদেশ সহ ১৫০টি দেশ অংশ নেবে এবারের আসরে। এই টুর্নামেন্টের জন্য সারাদেশ থেকে প্রায় ১৫০০ গেমার রেজিস্ট্রেশন করেন। সেখান থেকে ট্রায়াল এবং একাধিক ধাপের বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত দলটি গঠিত হয়েছে।
আজ বুধবার (৬ মে) রাজধানীর একটি স্থানীয় হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশনেসর সভাপতি (বিওয়াইডিইএসএ) ড. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মুনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন টিম বাংলাদেশ দলের ম্যানেজার আগা রাফসান, ইভেন্টের তিন কোচ ফারহান ইসলাম, মো. আবিদ হোসেন এবং নাজমুস সাকিব।
সভাপতি মুনিরুল ইসলাম বলেন, ই-স্পোর্টস নেশনস কাপে মোট প্রাইজপুল বাংলাদেশি মুদ্রায় ২২০ কোটি টাকারও বেশি। এটি দেশভিত্তিক ই-স্পোর্টস টুর্নামেন্টগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় আয়োজন।
আগা রাফসান জানান, বাছাইপর্বে বাংলাদেশকে প্রথম এশিয়ার দেশগুলোর বিপক্ষে লড়তে হবে। লিডার বোর্ডের ২-৩-এ থাকলেই মূল পর্বে খেলতে পারবে বাংলাদেশ। মূলত সেই লক্ষ্য নিয়েই প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের গেমাররা।





