১২তম ‘বিডিজেএসও ২০২৬’-এর রেজিস্ট্রেশন চলছে
ক.বি.ডেস্ক: দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানো এবং ২০২৬ সালে বুলগেরিয়ার সোফিয়ায় অনুষ্ঠিতব্য ২৩তম ‘আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)’-এর বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে ১২তম ‘বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৬)’-এর অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
আগ্রহী শিক্ষার্থীরা online.bdjso.org ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারবে। দেশের যেকোনও অঞ্চলের বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, ইংরেজি ভার্সন ও মাদ্রাসার শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। গত বছরে অংশ নেয়া শিক্ষার্থীরা পুরোনো অ্যাকাউন্টে লগইন করে তথ্য হালনাগাদ করতে পারবে।
এবারের বিডিজেএসওতে তিনটি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশ নেবে- প্রাইমারি (৩য়-৫ম শ্রেণি), জুনিয়র (৬ষ্ঠ-৮ম শ্রেণি) এবং সেকেন্ডারি (৯ম-১০ম শ্রেণি, এসএসসি পরীক্ষার্থী ও একাদশ শ্রেণি)। জন্ম নিবন্ধনের তারিখ ১ জানুয়ারি ২০১১-এর পরে এমন শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করে অংশ নিতে পারবে। একজন শিক্ষার্থী কেবল তার নিজ ক্যাটাগরিতেই অংশ নিতে পারবে।
অলিম্পিয়াডটি সাধারণত আঞ্চলিক/অনলাইন ও জাতীয় দুই ধাপে অনুষ্ঠিত হয়। প্রতিটি ক্যাটাগরিতে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের ওপর বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রশ্ন থাকবে। জাতীয় পর্ব শেষে নির্বাচিতদের নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় ক্যাম্প। সেখান থেকে ধাপে ধাপে প্রশিক্ষণ ও নির্বাচনী পরীক্ষার মাধ্যমে আইজেএসও ২০২৬-এর বাংলাদেশ দল গঠন করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিডিজেএসওতে ভালো করার জন্য মুখস্থবিদ্যার চেয়ে বিজ্ঞানের মৌলিক ধারণা বোঝার ওপর গুরুত্ব দেয়া হয়। প্রস্তুতির নির্দেশনা, বইয়ের তালিকা এবং বিগত বছরের প্রশ্ন পাওয়া যাবে bdjso.org-এর সংশ্লিষ্ট বিভাগে।
বিডিজেএসও যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)। সহযোগী হিসেবে রয়েছে মাকসুদুল আলম সায়েন্স ল্যাবরেটরি এবং ম্যাগাজিন পার্টনার কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।





