স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স পণ্য নিয়ে এলো শাওমি
ক.বি.ডেস্ক: বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে প্রথমবারের মতো নতুন স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স পণ্য নিয়ে এসেছে। ব্র্যান্ডটি স্মার্টফোনের নেতৃস্থানীয় জায়গা থেকে ‘শাওমি স্মার্ট লিভিং ফর এভরিওয়ান’ স্লোগানে একটি পূর্ণাঙ্গ স্মার্ট লাইফস্টাইল ইকোসিস্টেম নিশ্চিতকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরলো।
আজ সোমবার (৪ মে) ঢাকার একটি স্থানীয় হোটেলে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শাওমি দেশের বাজারে উন্মোচন করেছে নতুন স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স পণ্য। এ সময় উপস্থিত ছিলেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী, পরিচালক মার্কেটিং মো. আসাদুজ্জামান এবং ন্যাশনাল ট্রেনিং ম্যানেজার ফয়সাল আহমেদ।
স্মার্টফোন ও এআইওটি উদ্ভাবনে শাওমি বাংলাদেশের হোম ও লাইফস্টাইল ক্যাটাগরিতে তাদের উপস্থিতি আরও জোরদার করছে। যেন স্মার্ট ও কানেক্টেড লাইফস্টাইলের বাড়তে থাকা চাহিদা পূরণ করা যায়। হোম অ্যাপ্লায়েন্স সেগমেন্টে আসার মধ্য দিয়ে শাওমি বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ স্মার্ট লিভিং ইকোসিস্টেম গড়ে তোলার দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিই পুনর্ব্যক্ত করলো, যেখানে সাশ্রয়ী মূল্য ও সর্বোচ্চ মানের পণ্য নিশ্চিত করা হবে।
শাওমি মিজিয়া ফ্রন্ট লোড ওয়াশার ড্রায়ার ১০.৫ কেজি নিয়ে এসেছে, যার মূল্য মাত্র ৭৪,৯৯৯ টাকা। ব্যস্ত পরিবারগুলোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই অ্যাপ্লায়েন্সের মাধ্যমে মাত্র ৫৯ মিনিটেই কাপড় ধোয়া ও শুকানোর সুবিধা পাওয়া যাবে। বাংলাদেশের নাগরিক জীবনের জন্য আদর্শ সমাধান এটি।
শাওমি টিভি এস মিনি এলইডি সিরিজে কিউডি-মিনি এলইডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ব্যবহারকারীদের জন্য সিনেমাটিক এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে রয়েছে ১২০০ নিটস ব্রাইটনেস, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন ও ডলবি অ্যাটমোস। এর ৯৮ ইঞ্চি ভ্যারিয়েন্টের মূল্য ৪,৯৯,৯৯৯ টাকা; ৮৫ ইঞ্চির মূল্য ২,৪৫,৯৯৯ টাকা; ৭৫ ইঞ্চির মূল্য ১,৭৯,৯৯৯ টাকা; ৬৫ ইঞ্চির মূল্য ১,৩৯,৯৯৯ টাকা এবং ৫৫ ইঞ্চির মূল্য ১,০৩,৯৯৯ টাকা।
বিনোদন খাতে আধুনিক প্রযুক্তি নিশ্চিত করতে শাওমি টিভি এ প্রো সিরিজ ২০২৬ নিয়ে এসেছে। শাওমি টিভি এ প্রো সিরিজ ২০২৬-এ ৪কে ইউএইচডি ডিসপ্লে, প্রাণবন্ত ভিজ্যুয়াল ও স্মার্ট বিনোদনের জন্য গুগল টিভি ব্যবহার করা হয়েছে। এর ৭৫ ইঞ্চি ভ্যারিয়েন্টের মূল্য ১,৫৩,৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চির মূল্য ১১৪,৯৯৯ টাকা, ৫৫ ইঞ্চির মূল্য ৮৪,৯৯৯ টাকা এবং ৪৩ ইঞ্চির মূল্য ৫২,৯৯৯ টাকা।
এ ছাড়াও, শাওমী বেশকিছু লাইফস্টাইল-ভিত্তিক পণ্য নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে এয়ার ফ্রায়ার ৬.৫ ও ৬ লিটার, স্মার্ট এয়ার পিউরিফায়ার ৪ কম্প্যাক্ট ও লাইট, শাওমি স্মার্ট ক্যামেরা সি২০১ ও সি৩০১, আউটডোর স্মার্ট ক্যামেরা এবং শাওমি স্মার্ট ট্যাগ। পণ্যগুলো নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও প্রতিদিনের সুবিধাকে আরও সমৃদ্ধ করবে।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “হোম অ্যাপ্লায়েন্স খাতে শাওমির শক্তিশালী বৈশ্বিক অবস্থান রয়েছে। আমরা সেই একই মানের উদ্ভাবন বাংলাদেশে নিয়ে আসছি। আজকের ক্রেতারা কেবল আলাদা আলাদা গ্যাজেট নয়, বরং এমন প্রযুক্তি চান যা তাদের প্রতিদিনের জীবনকে আরও সহজ করে তুলবে। আমাদের ‘হিউম্যান, হোম, কার’ ভিশনের মাধ্যমে আমরা একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তুলছি, যেন আমরা গ্লোবাল হার্ডকোর টেক পার্টনার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারি। মিনি এলইডি টিভি থেকে শুরু করে স্মার্ট লন্ড্রি ও ট্র্যাকিং সলিউশন, সবকিছুতেই আমরা ক্রেতাদের জন্য স্মার্ট লিভিংকে আরও সহজ ও সাবলীল করতে চাই।”





