বন্দর নগরী চট্টগ্রামে চালু হলো উবার রাইডশেয়ারিং সেবা
ক.বি.ডেস্ক: আজ থেকে বন্দর নগরী চট্টগ্রামে রাইডশেয়ারিং সেবা চালুর ঘোষণা দিয়েছে উবার। যা সহজ, সাশ্রয়ী এবং প্রযুক্তি-নির্ভর যাতায়াত ব্যবস্থা পৌঁছে দেয়ার লক্ষ্যকে আরও বিস্তৃত করলো। এর ফলে চট্টগ্রাম শহরের বাসিন্দা ও দর্শনার্থীরা এখন উবার অ্যাপের মাধ্যমে খুব সহজেই রাইড বুক করতে পারবেন, পাশাপাশি চালকেরাও পাচ্ছেন ফ্লেক্সিবল আয়ের এক চমৎকার সুযোগ।
আজ বুধবার (২০ মে) চট্টগ্রামের একটি স্থানীয় হোটেলে উবার এর রাইডশেয়ারিং সেবার উদ্বোধন করেন প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী।
চট্টগ্রামের যাত্রীরা প্রতিদিনের ভ্রমণকে আরও নির্ভরযোগ্য, নিরাপদ এবং গতিশীল করতে উবারের বিভিন্ন সেবা উপভোগ করতে পারবেন। দেশে দ্রুত নগরায়ন এবং প্রযুক্তি-ভিত্তিক যাতায়াতের ক্রমবর্ধমান চাহিদার এই সময়ে, চট্টগ্রামে উবারের এই প্রবেশ নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ করবে। একই সঙ্গে চালকদের জন্য ফ্লেক্সিবল কাজের সুযোগ তৈরি করে এটি স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখবে।
প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র চট্টগ্রামে শহরের ধারাবাহিক অগ্রগতি আর কানেক্টিভিটি বজায় রাখতে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তাই চট্টগ্রামে উবারের এই নতুন পথচলাকে আমরা স্বাগত জানাই। নিজের সুবিধামতো সময়ে আয়ের সুযোগ তৈরি করা, ডিজিটাল প্রযুক্তির বিকাশ এবং স্থানীয় বাসিন্দা ও পর্যটক সবার জন্য যাতায়াতকে আরও সহজ ও আরামদায়ক করে তোলার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’
রেদওয়ান রেজভী বলেন, ‘উবারের কাছে বাংলাদেশ সবসময়ই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। আমরা একদিকে যেমন সাধারণ মানুষের জন্য নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর, তেমনি চালকদের জন্য সুবিধামতো অর্থনৈতিক সুযোগ তৈরিতেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চট্টগ্রামের মানুষের সেবা করতে এবং এই শহরের দৈনন্দিন যাতায়াতের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে আশাবাদী।’





