ইউআইটিএস-শিনাওয়াত্রার যৌথ উদ্যোগে আন্তর্জাতিক আইপিআর ওয়েবিনার অনুষ্ঠিত
ক.বি.ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং থাইল্যান্ডের শিনাওয়াত্রা বিশ্ববিদ্যালয় যৌথভাবে “রিসার্চ পাবলিকেশন অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (আইপিআর)” শীর্ষক একটি আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করেছে। আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা, প্রকাশনা ও মেধাস্বত্ব সুরক্ষায় এ ওয়েবিনারকে একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সম্প্রতি ভার্চুয়ালি অনুষ্ঠিত এই আয়োজনে বাংলাদেশ ও থাইল্যান্ড সহ ইউআইটিএসের আন্তর্জাতিক সমঝোতা স্মারক সহযোগী নেটওয়ার্কভুক্ত ১০টি দেশের শিক্ষক, গবেষক ও একাডেমিক অংশীদাররা অংশ নেন। গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা আরও জোরদার করাই ছিল এ ওয়েবিনারের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন থাইল্যান্ডের শিনাওয়াত্রা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মাল্টিডিসিপ্লিনারি পোস্টডক্টরাল অ্যান্ড ফ্র্যাঞ্চাইজি প্রোগ্রাম (আইপিএফ)-এর ডেপুটি ডিরেক্টর অধ্যাপক ড. সিপনারং কানচানাওংপাইসান।
উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া তার বক্তব্যে আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা, উচ্চশিক্ষার উন্নয়ন এবং বৈশ্বিক একাডেমিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
অধ্যাপক ড. সিপনারং কানচানাওংপাইসান গবেষণা প্রবন্ধ প্রস্তুত, আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশনার কৌশল, ভুয়া বা প্রিডেটরি জার্নালের ঝুঁকি মোকাবিলা এবং মেধাস্বত্ব ও আন্তর্জাতিক পেটেন্ট অধিকার সংরক্ষণে আইনগত কাঠামোর কার্যকর ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
ওয়েবিনারে আরও উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির ফাইন্যান্স ডিরেক্টর শোভিত বিকাশ বড়ুয়া, ইউআইটিএস-এর ট্রেজারার অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, গবেষণা কেন্দ্রের পরিচালক এবং অংশগ্রহণকারী দেশগুলোর গবেষক ও শিক্ষকবৃন্দ। সঞ্চালনা করেন ইউআইটিএস আইকিউএসি-এর পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন।





