উদ্যোগ

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৬-এর নিবন্ধন চলছে

ক.বি.ডেস্ক: দেশের শিক্ষার্থীদের রোবটিকস ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলতে শুরু হয়েছে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডব্লিউআরও) বাংলাদেশ ২০২৬-এর নিবন্ধন কার্যক্রম। অনলাইনে নিবন্ধন চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত। রোবট ও রোবটিকস সমাধানের মাধ্যমে কীভাবে নিজেদের সংস্কৃতিকে ফুটিয়ে তোলা যায়, সেটিই এবারের প্রতিযোগিতার মূল লক্ষ্য। এই রোমাঞ্চকর প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা রোবটিকসের মতো প্রযুক্তির সাহায্যে নিজেদের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ পাবে।

ডব্লিউআরও বাংলাদেশ ২০২৬-এর বিজয়ী শিক্ষার্থীরা আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিতব্য ডব্লিউআরও ওপেন চ্যাম্পিয়নশিপ, এশিয়া-প্যাসিফিক এবং ৮ থেকে ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিতব্য ২২তম ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড আন্তর্জাতিক ফাইনালে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

ডব্লিউআরও বাংলাদেশ ২০২৬ এবার চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। ফিউচার ইনোভেটরস ও রোবোমিশন ক্যাটাগরিতে তিনটি বয়সগ্রুপ রয়েছে- এলিমেন্টারি (৮-১২ বছর), জুনিয়র (১১-১৫ বছর) এবং সিনিয়র (১৪-১৯ বছর)। রোবোস্পোর্টস ক্যাটাগরিতে অংশ নিতে পারবে ১১-১৯ বছর বয়সীরা এবং ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে ১৪-২২ বছর বয়সী শিক্ষার্থীরা।

প্রতিযোগিতাটি দেশের চারটি অঞ্চলে অনুষ্ঠিত হবে ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও রংপুর। ঢাকায় হোস্ট হিসেবে থাকছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ); খুলনায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট); চট্টগ্রামে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এবং রংপুর অঞ্চলে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (সিপিএসসিএস)।

প্রতিটি দলে ২ থেকে ৩ জন সদস্য থাকতে পারবে। জাতীয় পর্যায়ে কোচ বাধ্যতামূলক না হলেও থাকা ভালো; তবে আন্তর্জাতিক পর্যায়ে কোচ বাধ্যতামূলক এবং কোচকে অবশ্যই ১৮ বছর বা তার বেশি বয়সী হতে হবে। নিবন্ধন ফি হিসেবে ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির জন্য ১,৫০০ টাকা এবং বাকি সব ক্যাটাগরির জন্য ২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নিবন্ধনসহ বিস্তারিত তথ্য https://wrobd.org/ এই ঠিকানায়।

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। হোস্ট ইউআইইউ, কুয়েট, সিআইইউ ও সিপিএসসিএস। ক্লাব পার্টনার ইউআইইউ রোবোটিকস ক্লাব এবং নলেজ পার্টনার গ্রে ম্যাটার রোবোটিকস। গোল্ড স্পন্সর ব্রেইন স্টেশন ২৩, সিলভার স্পন্সর ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এবং মিডিয়া পার্টনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *