সাম্প্রতিক সংবাদ

২৯ কোটি টাকার বকেয়া আয়কর পরিশোধ করল বিএসসিএল

ক.বি.ডেস্ক: রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছরের অনাদায়ী আয়কর বাবদ সরকারের কাছে এককালীন ২৯ কোটি ১৫ লাখ টাকা পরিশোধ করেছে। চলতি অর্থবছরের জুন মাসে এ অর্থ পরিশোধ করা হয়।

বিএসসিএল জানায়, ২০১৮-১৯ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত জমে থাকা আয়কর বকেয়া বর্তমান ব্যবস্থাপনা দায়িত্ব গ্রহণের পর পর্যালোচনা করে পরিশোধের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিনের আর্থিক দায় এককালীন পরিশোধ করা হয়েছে। এই উদ্যোগ বিএসসিএলের আর্থিক শৃঙ্খলা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে।

বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান বলেন, ‘‘দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। অতীতের অনিষ্পন্ন আর্থিক দায় পর্যায়ক্রমে নিষ্পত্তির অংশ হিসেবেই চার অর্থবছরের বকেয়া আয়কর পরিশোধ করা হয়েছে। প্রতিষ্ঠানের লক্ষ্য শুধু আর্থিক সাফল্য নয়, বরং একটি জবাবদিহিমূলক, টেকসই ও সুশাসনভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে বিএসসিএলকে গড়ে তোলা।’’

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রথমবারের মতো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বিএসসিএল। কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ওই অর্থবছরে প্রতিষ্ঠানটির মোট আয় হয়েছে ২৪৫ কোটি ১৩ লাখ টাকা এবং মোট ব্যয় ২০৬ কোটি ৭৭ লাখ টাকা। ফলে নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৮ কোটি ৩৫ লাখ টাকা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *