আর্থ অবজারভেশন স্যাটেলাইট নিয়ে বিএসসিএলের সেমিনার
ক.বি.ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, বনাঞ্চল, ভূমি ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আধুনিক স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে ‘বাংলাদেশের প্রস্তাবিত পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ ব্যবস্থা’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। সেমিনারে প্রস্তাবিত আর্থ অবজারভেশন স্যাটেলাইট ব্যবস্থার সম্ভাবনা, ব্যবহার এবং বিভিন্ন খাতে এর কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়।
গত বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব (কোম্পানি) মো. মোতাছিম বিল্লাহ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান। টেকনিক্যাল উপস্থাপনা করেন বিএসসিএলের সহকারী মহাব্যবস্থাপক এস এম আনোয়ারুল আজিজ।
সেমিনারের প্যানেল আলোচনায় অংশ নেন বিএসসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন ও ক্রয়) মো. গোলাম সারোওয়ার এবং মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএসসিএলের ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম। এতে বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মূল প্রবন্ধে ড. ইমাদুর রহমান বলেন, ‘‘একটি আধুনিক আর্থ অবজারভেশন স্যাটেলাইট ব্যবস্থা চালু হলে দেশের ভূমি, পানি, কৃষি, বনাঞ্চল ও পরিবেশগত পরিবর্তন নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এর ফলে সরকারি সিদ্ধান্ত গ্রহণ আরও তথ্যনির্ভর ও কার্যকর হবে। তিনি বলেন, বন্যাপ্রবণ এলাকা শনাক্তকরণ, পানির প্রবাহ পর্যবেক্ষণ, দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে আগাম তথ্য ব্যবহার, কৃষি উৎপাদন পর্যবেক্ষণ, ফসলের স্বাস্থ্য বিশ্লেষণ, রোগবালাই শনাক্তকরণ এবং পানির সংকট নিরূপণে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’’
বক্তারা জানান, আর্থ অবজারভেশন স্যাটেলাইটের মাধ্যমে বনাঞ্চলে অবৈধ কার্যক্রম শনাক্তকরণ, নদীভাঙন পর্যবেক্ষণ, উপকূলীয় পরিবর্তন বিশ্লেষণ, ভূমি জরিপ এবং নগর পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হবে।
বিএসসিএলের মতে, প্রস্তাবিত আর্থ অবজারভেশন স্যাটেলাইট ব্যবস্থা বাস্তবায়িত হলে বাংলাদেশের দুর্যোগ মোকাবিলা, কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।





