২৫ লাখ টাকার পুরস্কার নিয়ে রবি’র ‘সার্কেল গেমিং এরিনা’, থাকছে পাবজি ও ই-ফুটবল
ক.বি.ডেস্ক: দেশের ই-স্পোর্টস অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি করতে ২৫ লাখ টাকা পুরস্কারের বিশাল আয়োজন নিয়ে হাজির হয়েছে রবি আজিয়াটার ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম সার্কেল। তরুণ গেমারদের প্রতিভা বিকাশ, প্রতিযোগিতামূলক গেমিংয়ে অংশগ্রহণ এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ করে দিতে চালু হয়েছে ‘সার্কেল গেমিং এরিনা’। এবারের টুর্নামেন্টে জনপ্রিয় দুই গেম পাবজি মোবাইল ও ই-ফুটবল অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীতে রবি আজিয়াটার করপোরেট কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ সাতারা, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, হেড অব সার্কেল মার্কেটিং মুহাম্মদ আব্দুল হাই সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পাবজি মোবাইলে ২০ লাখ, ই-ফুটবলে ৫ লাখ টাকা পুরস্কার
‘সার্কেল গেমিং এরিনা’র মোট পুরস্কার মূল্য ২৫ লাখ টাকা। এর মধ্যে পাবজি মোবাইল প্রতিযোগিতার বিজয়ীদের জন্য বরাদ্দ ২০ লাখ টাকা এবং ই-ফুটবল প্রতিযোগিতার জন্য থাকছে ৫ লাখ টাকা। ইতিমধ্যে ‘মাই সার্কেল’ অ্যাপের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণের নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনের শর্ত অনুযায়ী, প্রতিটি অংশগ্রহণকারী দলের অন্তত একজন সদস্যের সার্কেল নম্বর থাকতে হবে।
যেভাবে নিবন্ধন করবেন
‘সার্কেল গেমিং এরিনা’য় অংশ নিতে আগ্রহীদের প্রথমে ‘মাই সার্কেল’ অ্যাপ খুলতে হবে। এরপর অ্যাপের ‘সার্কেল গেমিং এরিনা’ ব্যানারে ক্লিক করে পছন্দের গেমিং ক্যাটাগরি নির্বাচন করতে হবে। প্রয়োজনীয় দলীয় তথ্য জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করা যাবে। নিবন্ধন শেষ হলে ইমেইলের মাধ্যমে অংশগ্রহণকারীরা সার্কেলের ডিসকর্ড সার্ভারে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
ল্যান ফরম্যাটে হবে গ্র্যান্ড ফাইনাল
‘সার্কেল গেমিং এরিনা ফেস্ট’-এর মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব বা গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে ল্যান (LAN) ফরম্যাটে। তবে ফাইনালের তারিখ, খেলার বিস্তারিত সূচি এবং লাইভস্ট্রিম সংক্রান্ত তথ্য পরবর্তী সময়ে সার্কেলের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলগুলোতে প্রকাশ করা হবে।
এ প্রসঙ্গে জিয়াদ সাতারা বলেন, “বাংলাদেশের তরুণদের কাছে গেমিং এখন ক্যারিয়ার গঠন এবং বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জনের একটি বাস্তব মাধ্যমে পরিণত হয়েছে। এ কারণেই গেমাররা সার্কেলের মূল মনোযোগের কেন্দ্রে রয়েছেন। সার্কেল গেমিং এরিনার মাধ্যমে আমরা এই প্রতিভাবানদের জন্য আরও বড় একটি মঞ্চ তৈরি করে দিচ্ছি এবং এমন একটি ইকোসিস্টেম গড়ে তুলছি, যা তাদের সঙ্গে সঙ্গে বিকশিত হবে।”
দেশের গেমিং কমিউনিটির সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছে সার্কেল। মোবাইল ম্যানিয়া, নেক্সট লেভেল গেমিং পডকাস্ট, এ ওয়ান ই-স্পোর্টসের সঙ্গে অংশীদারত্ব এবং কোডাশপ ও মিডাসবাই সহ ৮০টির বেশি গেমিং সেবার সঙ্গে সংযুক্তি এসব উদ্যোগের মাধ্যমে গেমারদের জন্য বিভিন্ন সুযোগ তৈরি করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি রয়েছে ডেডিকেটেড গেমিং ডেটা প্যাক এবং সার্কেল ব্যালেন্স ব্যবহার করে ইন-গেম পারচেজের সুবিধা।





