‘বেস্ট অব বাংলাদেশ পিসি ব্যাটেলস সিজন-৩’ এর পুরস্কার বিতরণ
ক.বি.ডেস্ক: বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস)- এর উদ্যোগে গত ২৮ থেকে ৩১ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হয় ‘‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’’। দেশের সর্ববৃহত এই প্রযুক্তি পণ্যের প্রদর্শনীতে পিসি হেল্পলাইনের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘বেস্ট অব বাংলাদেশ পিসি ব্যাটেলস সিজন-৩’। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
গতকাল রবিবার (১৭ মে) বিসিএস ইনোভেশন সেন্টারে ‘বেস্ট অব বাংলাদেশ পিসি ব্যাটেলস সিজন-৩’ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিসিএসর যুগ্ম-মহাসচিব মো. আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান, পরিচালক মো. ইকবাল হোসাইন এবং পিসি হেল্পলাইন বাংলাদেশের হেড অব অপারেশন অনন্য জামান।
যে পাঁচটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়
ফটো কনটেস্ট: এক্সপোতে অংশগ্রহণকারীদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিগুলোর মধ্যে সর্বোচ্চ রিয়েকশন পাওয়া ছবিগুলো থেকে বিজয়ী নির্বাচন করা হয়।
রিল কনটেস্ট: এক্সপো চলাকালীন প্রকাশিত রিল পোস্টের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হয়।
পিসি ব্যাটেল: বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পিসি বিল্ড নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। মূল্যভিত্তিক পাঁচটি ক্যাটেগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পিসি বিল্ডের কারিগরি দক্ষতার ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়।
কিব শোডাউন ও টাইপিং কনটেস্ট: বর্তমানে কি-বোর্ড বিল্ড ও মডিং জনপ্রিয় হয়ে ওঠেছে। বাংলাদেশের সেরা কি-বোর্ড ব্যবহারকারীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কসপ্লে কম্পিটিশন: প্রযুক্তি সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে কসপ্লে প্রতিযোগিতা বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে। এবারই প্রথম ডিজিটাল এক্সপোতে এই ক্যাটাগরি যুক্ত করা হয়। এটি অনেকটা ছোটবেলার ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতার আধুনিক সংস্করণ, যেখানে প্রতিযোগীরা বিভিন্ন গেম ও পপ কালচারের জনপ্রিয় চরিত্রে রোল-প্লে করেন।





