বেসিস নির্বাচন: সদস্য যাচাই ও তথ্য হালনাগাদে ৭ সদস্যের সহায়ক কমিটি
ক.বি.ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই-বাছাই এবং সদস্যভিত্তিক তথ্য হালনাগাদে সাত সদস্যের একটি সহায়ক কমিটি গঠন করা হয়েছে।
বাণিজ্য সংগঠন-২-এর নির্দেশনার আলোকে অস্থায়ী প্রশাসকের মাধ্যমে কমিটিটি মনোনীত করা হয়েছে। এর প্রধান দায়িত্ব হবে নতুন সদস্য অন্তর্ভুক্তি প্রক্রিয়ায় সহযোগিতা করা এবং বিদ্যমান সদস্যদের তথ্য যাচাইয়ের মাধ্যমে একটি হালনাগাদ ও নির্ভুল সদস্যভিত্তি তৈরিতে প্রশাসককে সহায়তা করা।
বেসিস প্রশাসক ড. খাদিজা নাজনীনকে সহযোগিতার জন্য গঠিত কমিটিতে রয়েছেন- ট্রাস্ট-আইটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েল; সলিউশন ওয়ার্ল্ড এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ ইবনে নূরুল ইসলাম; এজিএস কোয়ালিটি অ্যাকশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান হাবিব; এটোভা টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আলম; রেড স্প্যারোর পরিচালক মো. ফুয়াদ হাসান; লেমিসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাশেদ উল হক সরকার এবং গ্লোবাল আইটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাপিত হাসান চৌধুরী।
কমিটির কার্যপরিধি সদস্য অন্তর্ভুক্তি এবং সদস্যদের তথ্য যাচাই ও হালনাগাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। নির্বাচনী প্রক্রিয়ার অন্য কোনও বিষয়ে কমিটির স্বতন্ত্র সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার থাকবে না। পাশাপাশি, কমিটির কোনও সদস্য আসন্ন বেসিস নির্বাচনে প্রার্থী হতে চাইলে নির্বাচনী তফসিল ঘোষণার দিনই তাকে সহায়ক কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করতে হবে।
২২ সেপ্টেম্বর ২০২৬ জারি করা নির্দেশনায় সদস্য তালিকা হালনাগাদ, তথ্য যাচাই এবং একটি স্বচ্ছ সদস্যভিত্তি তৈরির ওপর গুরুত্ব দেয়া হয়েছে বলে জানানো হয়।
নতুন সহায়ক কমিটির মাধ্যমে যাচাইযোগ্য ও হালনাগাদ তথ্যের ভিত্তিতে সদস্য তালিকা প্রস্তুতের উদ্যোগ নেয়া হয়েছে। সাধারণ সদস্যদের একটি অংশ আশা করছেন, সদস্য যাচাই ও নতুন সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা বজায় থাকবে। এর ফলে আসন্ন নির্বাচনের আগে সদস্য ও ভোটার তালিকা নিয়ে ভবিষ্যৎ জটিলতা কমার পাশাপাশি সদস্যদের আস্থা বাড়তে পারে।





