উদ্যোগ

বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন

ক.বি.ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন করেছে রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার। ২০১৬ সালে ঢাকায় যাত্রার পর থেকে দেশে ২১ কোটি ২৬ লাখ ট্রিপ সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। এ সময়ে ১৮৩ কোটির বেশি কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন ড্রাইভার-পার্টনাররা এবং সেবা পেয়েছেন ৯০ লাখ ৪০ হাজার যাত্রী। পাশাপাশি, উবারের প্ল্যাটফর্মের মাধ্যমে গত এক দশকে আয় করেছেন ৪ লাখ ৭০ হাজার মানুষ। বর্তমানে দেশের তিনটি শহরে সেবা দিচ্ছে উবার।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীতে উবার বাংলাদেশের ১০ বছর পূর্তি উপলক্ষে ‘ফিউচার অব মোবিলিটি ইন বাংলাদেশ: দ্য নেক্সট ১০ ইয়ার্স’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলওয়ে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ। উপস্থিত ছিলেন উবার বাংলাদেশের কান্ট্রি হেড এস এম জামশেদ হাসান সহ নীতিনির্ধারক, পরিবহন খাতের অংশীজন ও বিশেষজ্ঞরা।

প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন বলেন, “নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক যাতায়াত নিশ্চিত করতে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যক্তিগত গাড়ি ব্যবহারের বিকল্প হিসেবে এটি মানুষের দৈনন্দিন চলাচলকে আরও সহজ ও সুবিধাজনক করেছে। গত ১০ বছরে চালক ও যাত্রীদের মধ্যে আস্থা তৈরি এবং সেবার ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে উবারের উদ্যোগ প্রশংসনীয়। আশা করি, ভবিষ্যতেও যাত্রীদের নিরাপত্তা ও সেবার মানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে।”

প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেন, “মানুষের নিরাপত্তা, সময় ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতায়াতব্যবস্থা সরাসরি জড়িত। প্রযুক্তির মাধ্যমে যাতায়াতকে আরও সহজ ও নিরাপদ করতে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে যাত্রীদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে গত ১০ বছর ধরে উবার যে দায়িত্বশীলতার সঙ্গে সেবা দিয়ে আসছে, তা প্রশংসনীয়। মানুষের যাতায়াতের সময় ও ভোগান্তি কমানোর পাশাপাশি বাংলাদেশের পরিবহনব্যবস্থার আধুনিকায়নেও উবার আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এস এম জামশেদ হাসান বলেন, “গত ১০ বছরে বাংলাদেশের মানুষের যাতায়াতের ক্ষেত্রে উবার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিভিন্ন জনগোষ্ঠীকে সংযুক্ত করা, যাতায়াতের সুযোগ সম্প্রসারণ এবং মানুষের জন্য নমনীয় আয়ের সুযোগ তৈরিতে ভূমিকা রাখতে পেরে আমরা গর্বিত। আগামী দশকেও মানুষের দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও নির্ভরযোগ্য করার পাশাপাশি আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন সুযোগ তৈরিতে গুরুত্ব দেব। বাংলাদেশের পরিবর্তিত যাতায়াতের চাহিদা পূরণে অংশীদার ও সংশ্লিষ্ট সবার সঙ্গে কাজ করতে আমরা আগ্রহী।”

অনুষ্ঠানে ‘মুভিং বাংলাদেশ ফরোয়ার্ড: মোবিলিটি অ্যান্ড লাইভলিহুডস ইন দ্য নেক্সট ডিকেড’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান এবং ইনভেস্ট বাংলাদেশের ইনভেস্টমেন্ট সার্ভিসেস বিভাগের মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক। আলোচনা সঞ্চালনা করেন বেঞ্চমার্ক পিআরের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ কায়সার।

১০ বছর পূর্তি উপলক্ষে ‘প্রতিবার উবার’ থিমে একটি কমিউনিটি দেয়ালচিত্র অঙ্কন কর্মসূচির আয়োজন করে প্রতিষ্ঠানটি। ঐতিহ্যবাহী পটচিত্রের মাধ্যমে আরও বাসযোগ্য ঢাকার স্বপ্ন তুলে ধরা হয় এ উদ্যোগে। মিরপুর-১০-এর সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরজুড়ে আঁকা হয় সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই শহরের নানা চিত্র। শিল্পী টাইগার নাজিরের নেতৃত্বে এ আয়োজনে অংশ নেন তরুণ শিল্পী, স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। ঐতিহ্যবাহী পটচিত্র সংরক্ষণের পাশাপাশি নগরকে আরও সুন্দর করে গড়ে তুলতে নাগরিকদের অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরা হয় এ উদ্যোগে।

২০১৬ সালের নভেম্বরে ঢাকায় কার্যক্রম শুরুর পর থেকে বাংলাদেশে ২১ কোটি ২৬ লাখ ট্রিপ সম্পন্ন করেছে রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার। এ সময়ে ১৮৩ কোটির বেশি কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন চালকরা এবং সেবা পেয়েছেন ৯০ লাখ ৪০ হাজার যাত্রী। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট দেশের তিনটি শহরে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

গত এক দশকে যাত্রী পরিবহন ও পণ্য সরবরাহে কার, বাইক, সিএনজিচালিত অটোরিকশা, আন্তশহর ভ্রমণ, গাড়ি ভাড়া ও পার্সেল ডেলিভারিসহ বিভিন্ন সেবা চালু করেছে উবার। এ সময়ে প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্মের মাধ্যমে আয় করেছেন ৪ লাখ ৭০ হাজার মানুষ। যাত্রী ও চালকদের নিরাপত্তায় উবারের প্ল্যাটফর্মে রয়েছে নথি যাচাই, ‘ভেরিফাই মাই রাইড’, ট্রিপ ইনস্যুরেন্স, ‘শেয়ার মাই ট্রিপ’, ‘রাইডচেক’ ও নিরাপত্তা হটলাইনের মতো সুবিধা। পাশাপাশি মোটরসাইকেল যাত্রীদের জন্য নিরাপত্তা চেকলিস্ট, হেলমেট বিতরণ ও সড়ক নিরাপত্তাবিষয়ক বিভিন্ন উদ্যোগ পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *