উদ্যোগ

তরুণদের জন্য এআই সেবা সম্প্রসারণে একসঙ্গে রাইজ ও ডিজিটএক্স

ক.বি.ডেস্ক: বাংলাদেশের তরুণদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার আরও সহজ ও সহজলভ্য করতে একসঙ্গে কাজ করার উদ্যোগ নিয়েছে ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ এবং এআই প্রযুক্তি ও সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটএক্স। এ লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্বের ফলে রাইজ প্ল্যাটফর্মে যুক্ত হবে আরও উন্নত এআই সুবিধা ও নতুন নতুন টুল। এতে পড়াশোনা, সৃজনশীল কাজ থেকে শুরু করে দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে এআই ব্যবহারের সুযোগ পাবেন তরুণেরা।

চুক্তিতে স্বাক্ষর করেন রাইজের হেড কে এম রায়হান এবং ডিজিটএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দাস। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, রাইজের প্রোডাক্ট সিনিয়র ম্যানেজার মো. মশিউর রহমান অনিক, সিনিয়র ক্যাটাগরি ম্যানেজার শেখ শওকত হোসেন এবং ডিজিটএক্সের ডিরেক্টর অব অপারেশন অর্ণব বিশ্বাস।

রাইজের এআইভিত্তিক সেবাগুলো আরও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দেবে ডিজিটএক্স। পাশাপাশি প্ল্যাটফর্মটিতে আধুনিক এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানো, নতুন টুল তৈরি এবং ব্যবহারকারীদের দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে সেবাগুলো উন্নত করার বিষয়ে যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

এই অংশীদারিত্বের মাধ্যমে রাইজের বিদ্যমান এআই টুলগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন নতুন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে পড়াশোনা, সৃজনশীল কাজ, তথ্য অনুসন্ধান এবং দৈনন্দিন বিভিন্ন কাজে তরুণেরা যেন সহজেই এআই প্রযুক্তির সুবিধা নিতে পারেন, সে বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে।

বর্তমানে শিক্ষা, কর্মক্ষেত্র, সৃজনশীলতা ও তথ্য অনুসন্ধান সহ নানা ক্ষেত্রে এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। তবে এ প্রযুক্তির সুবিধা কেবল বিশেষজ্ঞ বা প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ ব্যবহারকারীদের কাছেও পৌঁছে দেয়ার প্রয়োজনীয়তা রয়েছে। রাইজ ও ডিজিটএক্সের যৌথ উদ্যোগের অন্যতম লক্ষ্যও হচ্ছে এআই প্রযুক্তিকে আরও সহজবোধ্য ও ব্যবহারবান্ধব করে তোলা।

এ প্রসঙ্গে তাইমুর রহমান বলেন, “এআই শুধু জটিল প্রযুক্তিগত দক্ষতাসম্পন্ন মানুষের জন্য নয়। এর মাধ্যমে যে কেউ নতুন কিছু শিখতে পারেন, নিজের ভাবনা প্রকাশ করতে পারেন কিংবা আগে কঠিন মনে হতো এমন কাজ সহজে করতে পারেন। একটি ডিজিটাল অপারেটর হিসেবে আমাদের লক্ষ্য, আমাদের ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজের মাধ্যমে সবার কাছে এআই প্রযুক্তি ও টুল আরও সহজলভ্য করা।”

অমিত দাস বলেন, “রাইজের মতো শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের এই পথচলা দেশের এআই প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। গ্রাহকদের জন্য বিশ্বমানের এআই অভিজ্ঞতা নিশ্চিত করতেই আমাদের এই যৌথ প্রয়াস।”

এই উদ্যোগের মাধ্যমে তরুণদের দৈনন্দিন জীবনে এআইয়ের ব্যবহার বাড়ানোর পাশাপাশি নতুন প্রযুক্তির সঙ্গে তাদের পরিচিতি ও সম্পৃক্ততা তৈরির সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বাংলাদেশের ডিজিটাল সেবার পরিসরে এআইভিত্তিক নতুন অভিজ্ঞতা যুক্ত করার ক্ষেত্রেও অংশীদারিত্বটি ভূমিকা রাখতে পারে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *