ডিএইচএল বাংলাদেশে ১৮টি ডংফেং ইভি ভ্যান সরবরাহ করল র্যাংগসএক্স
ক.বি.ডেস্ক: দেশের লজিস্টিকস ও বাণিজ্যিক পরিবহন খাতে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে শতভাগ বৈদ্যুতিক যান যুক্ত হয়েছে। র্যাংগস গ্রুপের ফিউচার মোবিলিটি ইউনিট র্যাংগসএক্স আন্তর্জাতিক এক্সপ্রেস লজিস্টিকস প্রতিষ্ঠান ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের কাছে ১৮টি ডংফেং ইলেকট্রিক ভেহিকেল (ইভি) ভ্যান হস্তান্তর করেছে। এর মাধ্যমে দেশের বাণিজ্যিক পরিবহন খাতে এক যুগান্তকারী ও পরিবেশবান্ধব অধ্যায়ের সূচনা হয়।
সম্প্রতি র্যাংগস অ্যাসেম্বলি প্ল্যান্টে আয়োজিত এক অনুষ্ঠানে কার্গো ভ্যানগুলো হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন র্যাংগস গ্রুপের (অটোমোটিভ ডিভিশন) প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ শাহরিয়ার আনোয়ার, বিজনেস হেড (আইশার বাস ও ট্রাক, ডংফেং ইভি এবং পিকআপ ডিভিশন) শাহ মোহাম্মদ রুম্মান বিন রউফ, ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মিয়ারুল হক সহ ডিএইচএল ও র্যাংগস গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ সরকারের ইলেকট্রিক ভেহিকেল (ইভি) গ্রহণ ও কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশের কার্বন-মুক্ত ভবিষ্যতের জন্য এ উদ্যোগ নীরব বিপ্লব ঘটাবে। এই উদ্যোগ দেশের করপোরেট ও লজিস্টিকস খাতে ইভি ব্যবহারের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।
সরকারের ইভি নীতিমালা ও ভবিষ্যৎ পরিবহন কৌশলের সঙ্গে তাল মিলিয়ে র্যাংগসএক্স বেসরকারি খাতে ইলেকট্রিক পরিবহনে কাজ করে যাচ্ছে। ইলেকট্রিক মাইক্রোবাস, কার্গো ভ্যান এবং ইলেকট্রিক টু-হুইলারের পাশাপাশি রয়েছে বাণিজ্যিক ব্যবহারের উপযোগী আরও একাধিক ইলেকট্রিক মডেল, যা দেশের ব্যবসা প্রতিষ্ঠান, লজিস্টিকস অপারেটর ও সাধারণ মানুষের আধুনিক, সাশ্রয়ী ও আরামদায়ক যাতায়াতের চাহিদা মেটাতে সম্পূর্ণ প্রস্তুত।





