টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান: ফকির মাহবুব আনাম
ক.বি.ডেস্ক: জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং অনিশ্চয়তা মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানাই। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পারস্পরিক অংশীদারিত্ব এবং সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হলে সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (এসক্যাপ)-এর ৮২তম অধিবেশনে উদ্বোধনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ সব কথা বলেন।
পাঁচ দিনব্যাপী (২১-২৪ এপ্রিল) ‘কাউকে পেছনে না রেখে: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সকল বয়সের জন্য একটি সমাজ গড়ে তোলা’ স্লোগানে অনুষ্ঠিত এসক্যাপ-এর ৮২তম অধিবেশনটি উদ্বোধন করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। অধিবেশনে উপস্থিত ছিলেন এসক্যাপ-এর নির্বাহী সচিব আরমিদা সালসিয়াহ আলিসজাহবানা। অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা, বিনিয়োগ আকর্ষণ এবং উদ্ভাবনকে উৎসাহিত করার ওপর সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। একইসঙ্গে তরুণ ও নারীদের জন্য দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে। সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা এবং নবায়নযোগ্য জ্বালানিসহ জলবায়ু কর্মকাণ্ডে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’’
আরমিদা সালসিয়াহ আলিসজাহবানা বলেন, ‘‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতি এখনও কাঙ্ক্ষিত মাত্রায় নেই এবং এ জন্য আঞ্চলিক সহযোগিতা, নীতিগত সমন্বয় এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ আরও জোরদার করা জরুরি।’’





