সাম্প্রতিক সংবাদ

কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনে বাংলাদেশে ১.৩২ কোটি ভিডিও সরাল টিকটক

ক.বি.ডেস্ক: টিকটক ২০২৬ সালের প্রথম প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়ের তথ্য রিপোর্টটিতে তুলে ধরা হয়েছে। টিকটকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা কনটেন্ট শনাক্ত ও সরিয়ে দেয়ার উদ্যোগগুলো এই প্রতিবেদনে ওঠে এসেছে।

২০২৬ সালের প্রথম প্রান্তিকে টিকটক বাংলাদেশে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে মোট ১ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৪টি ভিডিও সরিয়েছে, যা প্রথম প্রান্তিকে প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৮%।

সরিয়ে ফেলা ভিডিওগুলোর ৯৯.৬% ব্যবহারকারীদের কোনও অভিযোগ পাওয়ার আগেই সরিয়ে ফেলা হয়েছে এবং এই ভিডিওগুলোর মধ্যে ৯৪.৪% ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলা হয়েছে। আর পরবর্তীতে যাচাইয়ের পর ৩ লাখ ২০ হাজার ৫৯৩টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হয়েছে।

বিশ্বজুড়ে একই সময়ে টিকটক ১৮ কোটি ৪০ লাখ ১২ হাজার ৫৭৬টি ভিডিও সরিয়েছে, যা ঐ সময়ে প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৫%। সরিয়ে ফেলা ভিডিওগুলোর মধ্যে ১৭ কোটি ৮০ লাখ ১৪ হাজার ১৫৪টি স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও সরিয়ে ফেলা হয়। এ ছাড়া, যাচাইয়ের পর ৮৮ লাখ ৩৮ হাজার ৭১০টি ভিডিও ফিরিয়ে আনা হয়েছে।

কোনও ভিউ হওয়ার আগেই ভিডিও সরিয়ে ফেলা এবং পুরনো ভিডিওগুলো খুঁজে সরিয়ে ফেলার ক্ষেত্রেও টিকটকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত মডারেশন সিস্টেম এখন আরও বেশি কার্যকর। এ ছাড়া, সম্ভাব্য আপত্তিকর বা অনুপযুক্ত কনটেন্ট নিয়ন্ত্রণে টিকটক কমেন্ট সরানোর উদ্যোগ অব্যাহত রেখেছে।

২০২৬ সালের প্রথম প্রান্তিকে বিশ্বজুড়ে প্ল্যাটফর্মে মোট ২৩ কোটি ৭৫ লাখ ১৭ হাজার ১২৮টি কমেন্ট সরানো হয়েছে, যা ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে ছিল ২১ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৫৭২।

এই প্রান্তিকে সক্রিয়ভাবে কনটেন্ট সরিয়ে ফেলার হার ছিল ৯৯.৩%, এবং শনাক্ত হওয়া কনটেন্টের ৯৪.৪% পোস্ট হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সরিয়ে নেয়া হয়েছে। প্ল্যাটফর্মের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে টিকটক মোট ৮ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৭০৫টি ভুয়া অ্যাকাউন্ট ডিলিট করেছে। পাশাপাশি, ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারী সন্দেহে ২ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ৩৭২টি অ্যাকাউন্টও সরিয়ে দেয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সরিয়ে ফেলা ভিডিওগুলোর মধ্যে ১৮.৬% সংবেদনশীল বিষয়বস্তু ছিল, যা টিকটকের কনটেন্ট নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ছাড়া, ১২.৬% ভিডিও নিরাপত্তা ও সামাজিক আচরণবিষয়ক নীতিমালা লঙ্ঘন করেছে। সরিয়ে ফেলা ভিডিওগুলোর মধ্যে ১৬.৫% ঝুঁকিপূর্ণ কার্যকলাপ ও চ্যালেঞ্জ, ১২.৯% অশালীন আচরণ এবং ২.১% এডিট করা মিডিয়া ও এআই-জেনারেটেড কনটেন্ট হিসেবে চিহ্নিত করে মুছে ফেলা হয়েছে।

প্ল্যাটফর্মের কনটেন্ট ও অ্যাকাউন্ট-সংক্রান্ত পদক্ষেপ সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে টিকটক নিয়মিতভাবে কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করে থাকে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *