সিলেটে উবারের যাত্রা, সহজ হবে প্রযুক্তিনির্ভর যাতায়াত
ক.বি.ডেস্ক: বাংলাদেশের রাইডশেয়ারিং অ্যাপ উবার সিলেটে তাদের সেবা চালুর ঘোষণা দিয়েছে, যা দেশজুড়ে সহজ, সাশ্রয়ী এবং প্রযুক্তি-নির্ভর যাতায়াত ব্যবস্থা পৌঁছে দেয়ার লক্ষ্যকে আরও বিস্তৃত করলো। এর ফলে শহরের বাসিন্দা ও দর্শনার্থীরা এখন উবার অ্যাপের মাধ্যমে খুব সহজেই রাইড বুক করতে পারবেন, পাশাপাশি চালকেরাও পাচ্ছেন ফ্লেক্সিবল আয়ের এক চমৎকার সুযোগ।
বাংলাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল এবং পর্যটন, শিক্ষা ও ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ শহর হিসেবে সিলেটে নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থার চাহিদা দিন দিন বাড়ছে। সিলেটে উবারের এই প্রবেশ নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ করবে। একই সঙ্গে চালকদের জন্য ফ্লেক্সিবল কাজের সুযোগ তৈরি করে এটি স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখবে। সিলেটের যাত্রীরা প্রতিদিনের ভ্রমণকে আরও নির্ভরযোগ্য, নিরাপদ এবং গতিশীল করতে উবারের বিভিন্ন সেবা উপভোগ করতে পারবেন।
সিলেটে এই সেবা চালু প্রসঙ্গে উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, ‘উবারের কাছে বাংলাদেশ সবসময়ই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। আমরা একদিকে যেমন সাধারণ মানুষের জন্য নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর, তেমনি চালকদের জন্য সুবিধামতো অর্থনৈতিক সুযোগ তৈরিতেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সিলেটের মানুষের সেবা করতে এবং এই শহরের দৈনন্দিন যাতায়াতের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে আশাবাদী।’





