উদ্যোগ সাম্প্রতিক সংবাদ

শুরু হলো ‘সিটি আইটি ঈদ ফেস্ট ২০২৬’

ক.বি.ডেস্ক: উদ্ভাবন আর ভবিষ্যতের সম্ভাবনাকে সঙ্গে নিয়ে শুরু হলো নয় দিনব্যাপী (১৮-২৬ মে) ‘সিটি আইটি ঈদ ফেস্ট ২০২৬’। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে প্রযুক্তিপ্রেমীদের জন্য বিসিএস কমপিউটার সিটি ব্যবস্থাপনা কমিটি আয়োজন করছে এই মেলা। বিসিএস কমপিউটার সিটি আইডিবি ভবনে এই আয়োজনে বিভিন্ন প্রযুক্তিপণ্যে বিশেষ ছাড়, আকর্ষণীয় উপহার ও নানা অফার থাকছে।

‘সিটি আইটি ঈদ ফেস্ট ২০২৬’-এ অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড ও কমিপউটার পণ্যের প্রতিষ্ঠানগুলো। এবারের মেলায় অংশগ্রহণ করছে অরাস, ডাহুয়া, গিগাবাইট, পিসি পাওয়ার, টিপি-লিংক এবং ওয়ালটন ল্যাপটপ। ল্যাপটপ, গেমিং পিসি, মনিটর, কম্পোনেন্ট, অ্যাকসেসরিজ সহ বিভিন্ন প্রযুক্তিপণ্যে থাকছে বিশেষ মূল্যছাড় ও ঈদ অফার। এ ছাড়া নির্দিষ্ট পরিমাণ পণ্য কেনাকাটায় ক্রেতাদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় গিফট ও কুপন সুবিধা।

আজ সোমবার (১৮ মে) ঢাকার আগারগাঁওস্থ আইডিবি ভবনে বিসিএস কমপিউটার সিটিতে ‘সিটি আইটি ঈদ ফেস্ট ২০২৬’-এর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিসিএস কমপিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি আকতার হোসেন খান, সহসভাপতি ফজলুল বারি লিটন, মহাসচিব মো. জাহেদ আলী ভূঁইয়া, যুগ্ম মহাসচিব মো. জাহেদুল আলম, কমপিউটার সলিউশন্স ইঙ্কের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসান, গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মদ আনাস খান এবং স্মার্ট টেকনোলজিসের পরিচালক (চ্যানেল সেলস) মুজাহিদ আল বেরুনী সুজন সহ প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

আয়োজকরা জানান, ঈদকে সামনে রেখে প্রযুক্তিপণ্য কেনাকাটাকে আরও উৎসবমুখর করতেই এ আয়োজন। তরুণ প্রজন্মের চাহিদা বিবেচনায় গেমিং ও স্মার্ট ডিভাইসের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে এবারের মেলায়। দেশে প্রযুক্তিপণ্যের বাজার সম্প্রসারণ এবং ক্রেতাদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

১৮ থেকে ২৬ মে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এ মেলায় প্রযুক্তিপ্রেমী ও দর্শনার্থীদের জন্য থাকছে সরাসরি পণ্য অভিজ্ঞতা নেয়ার সুযোগও। প্রযুক্তিপ্রেমীদের পাশাপাশি পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে জমে উঠবে এবারের মেলা। নতুন প্রযুক্তি, নতুন অভিজ্ঞতা আর উৎসবের আনন্দে জমে উঠুক প্রতিটি আয়োজন, তাই আশা করছে আয়োজকরা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *