সাম্প্রতিক সংবাদ

দুর্নীতি কমাতে ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থার ওপর জোর সংসদীয় কমিটির

ক.বি.ডেস্ক: দুর্নীতি প্রতিরোধে সরকারি সেবা ও কার্যক্রমে সরাসরি যোগাযোগনির্ভরতা কমিয়ে ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে শুধু দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত বা শাস্তি দেয়ার পাশাপাশি দুর্নীতির সুযোগ সৃষ্টি করে এমন প্রক্রিয়া ও ব্যবস্থার পরিবর্তন বা বিলোপের ওপরও জোর দেয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা ও গুরুত্বারোপ করা হয়। কমিটির সভাপতি মুশফিকুর রহমান এমপির সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, মো. জালাল উদ্দিন এমপি, মঈনুল ইসলাম খান এমপি, মো. শাহাদাত হোসেন এমপি, মো. সাইফুল আলম এমপি, সৈয়দ জয়নুল আবেদীন এমপি এবং মো. আবুল হাসনাত এমপি।

বৈঠকে বলা হয়, সরকারি সেবা ও কার্যক্রমে ব্যক্তি-নির্ভর ও সরাসরি যোগাযোগ কমিয়ে ডিজিটাল এবং স্বয়ংক্রিয় ব্যবস্থা প্রবর্তন করা হলে দুর্নীতির সুযোগ উল্লেখযোগ্যভাবে কমবে। এর ফলে ব্যবসায়ীদের ব্যয় ও হয়রানি কমার পাশাপাশি ব্যবসার পরিবেশ আরও সহজ হবে। একই সঙ্গে সরকারের রাজস্ব আদায়ও বাড়বে বলে বৈঠকে মত দেয়া হয়।

কমিটি হিসাবরক্ষণ ও আর্থিক প্রতিবেদন ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও কার্যকর করার ওপরও গুরুত্বারোপ করে। এ ক্ষেত্রে জবাবদিহিতা বাড়ানো গেলে সরকারি কার্যক্রমের দক্ষতা ও কার্যকারিতা আরও উন্নত হবে। সরকারের ব্যয় নির্বাহে এনবিআরের সক্ষমতা, কর-জিডিপি অনুপাতের ব্যবধান কমাতে নেয়া পদক্ষেপ এবং সাংগঠনিক কাঠামো নিরূপণ ও ভবিষ্যৎ করণীয় বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

এ ছাড়া বৈঠকে এনবিআরের করনীতির প্রথম সচিব, সংসদ সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সদস্য সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *