সাম্প্রতিক সংবাদ

তৃতীয় ‘আইওএআই ২০২৬’-এ তিনটি ব্রোঞ্জ পদক পেল বাংলাদেশ

ক.বি.ডেস্ক: কাজাখস্তানে অনুষ্ঠিত তৃতীয় ‘আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড’ (আইওএআই ২০২৬)- এ তিনটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে বাংলাদেশ দল। পদকজয়ীরা হলেন কুমিল্লার হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির মো. সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির মোবতাসিম চৌধুরী প্রিয়ম।

বাংলাদেশ দলের চতুর্থ সদস্য হিসেবে অংশ নিয়েছে মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির অনন্য যারিফ আকন্দ। এ দলের নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইটি) অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন।

কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত এবারের আসরে বিশ্বের ১০৭টি দেশের ৪৩৭ জন প্রতিযোগী অংশ নেন। গত ২ আগস্ট ‘আইওএআই ২০২৬’-এর পর্দা ওঠে। এরপর গত ৪ ও ৬ আগস্ট দুটি একক মেশিন লার্নিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন দেশের শিক্ষার্থীরা মিলে দলগত বিভিন্ন কার্যক্রমেও অংশ নেন। শুক্রবার (৭ আগস্ট) সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতার সম্মিলিত ফলাফল ঘোষণা করার মাধ্যমে পর্দা নামলো ‘আইওএআই ২০২৬’-এর।

বাংলাদেশ দলের দলনেতা ড. বি এম মইনুল হোসেন বলেন, “এই আয়োজনের প্রথম আসর বুলগেরিয়াতে আমরা কোনও পদক পাইনি। গত বছর চীনে অনুষ্ঠিত দ্বিতীয় আসরে আমরা দুটি ব্রোঞ্জ পদক পেয়েছি। এবারের আসরে আমরা তিনটি ব্রোঞ্জ পদক পেয়েছি। প্রতিনিয়ত আমাদের টিম উন্নতি করছে। দলের এই অর্জনে আমি খুবই খুশি, তবে আমাদের আরও উন্নতি করার সুযোগ আছে। শিক্ষার্থীদের আরও পরিশ্রম করতে হবে, সঙ্গে সঙ্গে তাদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম এবং সুযোগ সুবিধা আরও বাড়াতে হবে।”

পদকজয়ি মো: সাইদুজ্জামান আরাফ তার অনুভূতি ব্যাক্ত করে বলেন, “আমার জন্য একটি মেডেল জেতা মানে আমাদের পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা দেয়া। যারা আমাদের পর বাংলাদেশ এআই অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে তারা যেন আমাদের থেকে অনুপ্রেরনা পায়, এটিই ছিল আমার মূল লক্ষ্য। আমি আশা করি বাংলাদেশের পরবর্তী প্রজন্ম এই জয়ের ধারা অব্যাহত রাখবে, যেমন রেখেছিল আমাদের পূর্ববর্তী অংশগ্রহণকারীরা, যেমন রেখেছি আমরা।”

বাংলাদেশ এআই অলিম্পিয়াডের আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। বাংলাদেশ দলের কোচ হিসেবে ছিলেন ড্যাফোডিল ইউনিভার্সিটির সিআইএস ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মোহাম্মদ আজম খান। অলিম্পিয়াডের একাডেমিক কোঅর্ডিনেটর ছিলেন তাসনিম মাহফুজ নাফিস।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *