প্রতিবেদন

ডিজিটাল কোরবানির হাট: সম্ভাবনা ও আস্থার সংকট

সোহেল মৃধা: মুসলিম জাহানের ধর্মীয় অনুভূতির অন্যতম বড় উৎসব পবিত্র ঈদ-উল-আজহা। এই উৎসবকে কেন্দ্র করে দেশের অর্থনীতিতে যে বিশাল জোয়ার আসে, তার কেন্দ্রবিন্দুতে থাকে পশুর হাট। তবে গত কয়েক বছরে বাংলাদেশের সামগ্রিক ই-কমার্স খাতের যে নীরব বিপ্লব ঘটেছে, তার সবচেয়ে বড় এবং দৃশ্যমান প্রভাব পড়ছে কোরবানির পশুর হাটে। কাদা-মাটি, রাদরি আর ঝক্কি-ঝামেলার সনাতন হাট সংস্কৃতি পেরিয়ে দেশের মধ্যবিত্ত ও উচ্চবিত্তের বড় একটি অংশ এখন ঝুঁকছেন ‘ডিজিটাল হাট’ বা ইন্টারনেট ভিত্তিক (অনলাইন) পশুর হাটের দিকে।

ডিজিটাল হাটের বিবর্তন ও শুরুর পরিসংখ্যান
দেড় হাজার কোটি টাকার পরিপক্ক ডিজিটাল বাজার কিন্তু একদিনে তৈরি হয়নি; এর পেছনে রয়েছে এক দশকের ধারাবাহিক বিবর্তন। বাংলাদেশে ২০১৪-২০১৫ সালের দিকে যখন ‘বেঙ্গল মিট’ সহ কিছু বিচ্ছিন্ন প্ল্যাটর্মে প্রথম অনলাইন পশু বিক্রি শুরু হয়, তখন পুরো মৌসুমে বিক্রি হওয়া পশুর সংখ্যা ছিল মাত্র ১,০০০ থেকে ১,৫০০টি, যার আর্থিক মূল্য ছিল সর্বোচ্চ ১০ থেকে ১৫ কোটি টাকা।

তবে এই খাতের প্রকৃত গেম চেঞ্জার বা যুগান্তকারী মোড় আসে ২০২০ সালের করোনা মহামারীর সময়ে। লকডাউনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি উদ্যোগে এবং ই-ক্যাবের সমন্বয়ে যখন ডিজিটাল হাট প্ল্যাটফর্মের সূচনা হয়, তখন প্রথম বছরেই প্রায় ২৭,০০০ পশু অনলাইনে বিক্রি হয়। এর পরের বছর (২০২১ সালে) মহামারীর চূড়ান্ত প্রকোপে দেশজুড়ে রেকর্ড ৩ লাখ ৮৭ হাজারেরও বেশি পশু ডিজিটাল মাধ্যমে বিক্রি হয়েছিল, যার বাজারমূল্য স্পর্শ করেছিল প্রায় ২,৭০০ কোটি টাকা।

শুরুর সেই দিনগুলোতে ক্রেতাদের মনে তীব্র অবিশ্বাস (ছবি বনাম বাস্তবের অমিল), খামারিদের কারিগরি দক্ষতার অভাব এবং মাংস প্রক্রিয়াকরণে শীতল শৃঙ্খল (কোল্ড চেইন) লজিস্টিকসের তীব্র সংকট ছিল। সেই আদিম, অগোছালো এবং সাময়িক মহামারী-নির্ভর পরিস্থিতি থেকে দীর্ঘ এক দশকের অভিজ্ঞতা ও প্রযুক্তির উৎকর্ষের ওপর ভর করেই আজকের এই সুশৃঙ্খল এবং আস্থাশীল ডিজিটাল ইকোসিস্টেম গড়ে ওঠেছে।

বাজারের আকার ও অর্থনৈতিক পরিধি
বাংলাদেশে বছরে আনুমানিক ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৩০ লাখের মতো পশু কোরবানি হয়, যার সিংহভাগই গরু ও ছাগল। এর মধ্যে গত বছর (২০২৫) এবং চলতি বছরের পূর্বাভাস অনুযায়ী, ডিজিটাল মাধ্যমগুলোর (সরকারি ডিজিটাল হাট, বেঙ্গল মিট, প্রোটিন মার্কেট, দারাজ এবং ফেসবুকভিত্তিক বিভিন্ন খামার) মাধ্যমে সরাসরি পশু বিক্রি এবং পূর্ণাঙ্গ সেবা (ফুল-সার্ভিস) কোরবানি প্রক্রিয়াকরণের বাজারের আকার প্রায় ১,২০০ থেকে ১,৫০০ কোটি টাকা স্পর্শ করেছে। প্রতি বছর এই খাতে প্রবৃদ্ধির হার প্রায় ১৫% থেকে ২০%। প্রাতিষ্ঠানিক খামার এবং পণ্য পরিবহন (লজিস্টিকস) খাতের বড় বিনিয়োগ এই বাজারকে আরও টেকসই করে তুলছে।

ক্রেতার ধরণ ও জনমিতি বিশ্লেষণ
অনলাইনভিত্তিক হাটের মূল ক্রেতা সাধারণত শহরের ব্যস্ত মধ্যবিত্ত, উচ্চবিত্ত এবং প্রবাসী বাংলাদেশিরা। যান্ত্রিক জীবনে হাটে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় অপচয় এবং জাল টাকার ভিড় এড়াতে তারা অনলাইন মাধ্যমকে বেছে নিচ্ছেন। বিদেশে বসেই দেশে পরিবারের জন্য কোরবানি দেয়ার ক্ষেত্রে ডিজিটাল হাট এখন একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম। বড় শহরে যারা বহুতল ভবনে (অ্যাপার্টমেন্টে) থাকেন, তাদের জন্য পশু রাখা, খাওয়ানো এবং ঈদের দিন জবাই করার জায়গা ও কসাই পাওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই শ্রেণীর ক্রেতারা মূলত ‘পূর্ণাঙ্গ প্রক্রিয়াকরণ’ বা ‘ডিজিটাল কসাই’ সেবার মূল গ্রাহক।

অনলাইন যৌথ কোরবানি: সামর্থ্য ও আধুনিকতার মেলবন্ধন
গত কয়েক বছর ধরে ডিজিটাল হাটে একটি নতুন ও দারুণ জনপ্রিয় ধারা দেখা যাচ্ছে, তা হলো ‘অনলাইনে ভাগে কোরবানি’। মধ্যবিত্ত ও চাকুরিজীবী শ্রেণীর মানুষের সামর্থ্য ও সুনির্দিষ্ট বাজেটকে মাথায় রেখে বিভিন্ন ডেইরি ও মাংস প্রক্রিয়াকরণ কোম্পানিগুলো এই প্যাকেজ সেবা চালু করেছে। এখানে একজন ক্রেতা বাজেট অনুযায়ী গরুর সুনির্দিষ্ট অংশের অংশীদার হতে পারেন।

কোম্পানিগুলো জীবন্ত ওজন (লাইভ ওয়েট) বা মাংসের ওজনের ওপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করে এবং ঈদের দিন স্বচ্ছতার সঙ্গে মাংস সুনির্দিষ্ট প্যাকেটে ভাগ করে ক্রেতার বাসায় পৌঁছে দেয়। এটি একদিকে অর্থনৈতিক চাপ কমিয়েছে, অন্যদিকে নাগরিক জীবনে এনেছে অভূতপূর্ব স্বস্তি। একই সঙ্গে, এক জায়গায় অনেক পশু জবাই হওয়ায় বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশবান্ধব হয় এবং চামড়াগুলো একসঙ্গে আধুনিক পদ্ধতিতে লবণ দিয়ে সংরক্ষণ করায় সংকটাপন্ন ‘চামড়া শিল্পে’ ইতিবাচক প্রভাব পড়ছে।

কার্যক্রম পরিচালনা পদ্ধতি ও সরবরাহ শৃঙ্খল
ডিজিটাল হাটের মূল ভিত্তি হলো সুনির্দিষ্ট এবং সমন্বিত সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা। খামারি বা মাধ্যমগুলো (প্ল্যাটফর্ম) পশুর দাঁত, বয়স, ওজন, জাত এবং সুস্থতার ভিডিও ও ছবি আপলোড করে। অনেক ক্ষেত্রে ক্রেতারা ভিডিও কলে সরাসরি পশু দেখার সুযোগ পান। ডিজিটাল মূল্য পরিশোধের ওপর গ্রাহকদের আস্থা বাড়ায় এখন মধ্যস্থতাকারী ব্যবস্থা (এসক্রো) এবং ব্যাংকিং চ্যানেল বা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে শতভাগ নিরাপদ লেনদেন হচ্ছে।

ঈদের ১-২ দিন আগে নিজস্ব কাভার্ড ভ্যানে করে ক্রেতার দোরগোড়ায় সুস্থ পশু পৌঁছে দেয়া। ঈদের দিন সম্পূর্ণ ইসলামিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে কোরবানি দিয়ে, মাংস প্রক্রিয়াকরণ ও শীতল শৃঙ্খল বজায় রেখে হিমায়িত ভ্যানের (রেফ্রিজারেটেড ভ্যান) মাধ্যমে ক্রেতার বাসায় মাংস পৌঁছে দেয়া।

মাংস প্রক্রিয়াকরণ সেবা: আধুনিক নাগরিক জীবনের স্বস্তি
ইন্টারনেট ভিত্তিক (অনলাইন) হাটের সঙ্গে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেছে ‘ডিজিটাল কসাই’ বা খাবার সরবরাহ ও মাংস প্রক্রিয়াকরণ মডেল। বেঙ্গল মিট বা প্রোটিন মার্কেটের মতো নামী প্রতিষ্ঠানগুলো এই সেবার পথিকৃৎ। তারা খাদ্য নিরাপত্তা ও মানদণ্ড মেনে সম্পূর্ণ জীবাণুমুক্ত পরিবেশে পশু জবাই এবং মাংস টুকরো করে। মাংসের সঠিক অনুপাত বজায় রেখে (হাড়, চর্বি ও নিরেট মাংস) পেশাদার প্যাকিংয়ের মাধ্যমে ক্রেতাদের দেয়া হয়। ঢাকা বা চট্টগ্রামের মতো মেগাসিটিতে ঈদের দিনে কসাইয়ের যে তীব্র সংকট তৈরি হয়, ডিজিটাল কসাই সেবা তার একটি চমৎকার ও আধুনিক সমাধান।

প্রান্তিক উদ্যোক্তা ও মৌসুমি খামারিদের নীরব বিপ্লব
ডিজিটাল হাটের মূল চালিকাশক্তি দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা শত শত সাময়িক ক্ষুদ্র খামার। তরুণ শিক্ষিত উদ্যোক্তারা সারা বছর পশু লালন-পালন করে কোরবানির সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সরাসরি শহুরে ক্রেতার সঙ্গে যুক্ত হচ্ছেন। সরাসরি প্রান্তিক পর্যায় থেকে পশু বিক্রির এই মডেলের কারণে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমছে এবং ক্ষুদ্র উদ্যোক্তারা পশুর ন্যায্য মূল্য পাচ্ছেন, যা গ্রামীণ অর্থনীতিতে অর্থপ্রবাহ সচল রাখার বড় হাতিয়ার হয়ে ওঠেছে। তবে পরিবহণ সংকট দূর করতে পণ্য পরিবহন খাতের বড় কোম্পানিগুলো যদি বিশেষ ‘পশু পরিবহন’ সেবা চালু করে, তবে প্রান্তিক উদ্যোক্তারা আরও সহজে বড় বাজার ধরতে পারবেন।

সংকট ও অসাধু চক্রের দৌরাত্ম্য: উত্তরণে করণীয়
ইন্টারনেট ভিত্তিক (অনলাইন) পশুর হাট এবং ‘ডিজিটাল কসাই’ সেবার ব্যাপক প্রসার ঘটলেও কিছু নামসর্বস্ব খামারি এবং মধ্যস্বত্বভোগীদের অসাধু আচরণের কারণে পুরো ই-কমার্স খাতের সুনামে প্রায়ই দাগ লাগে। ছবির সঙ্গে বাস্তব পশুর অমিল, কম ওজন কিংবা ওজনের হেরফের এবং সুনির্দিষ্ট সময়ে মাংস সরবরাহ না করতে পারার কারণে ক্রেতারা আস্থা হারিয়ে ফেলেন। এই আস্থার সংকট দূর করতে এবং ক্রেতাদের প্রতারণার হাত থেকে বাঁচাতে নিচের ৫টি পদক্ষেপ বাস্তবায়ন করা জরুরি-

১. সরাসরি সম্প্রচার বাধ্যতামূল করা: অনলাইন মাধ্যমে পশুর ছবির পাশাপাশি পশুর মুখ ও দাঁতের স্পষ্ট ভিডিও এবং লাইভ ওজন মেশিনের রিডিং ভিডিও আকারে আপলোড করা বাধ্যতামূলক করতে হবে।
২. ইসলামিক শরিয়াহ বোর্ড গঠন ও তদারকি: ভাগের কোরবানি বা ডিজিটাল কসাই সেবায় নিবন্ধিত আলেম রাখা নিশ্চিত করতে হবে। পশুর বয়স ও সুস্থতা যাচাইয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বয়ে আকস্মিক পরিদর্শন করা উচিত।

৩. তৃতীয় পক্ষ মধ্যস্থতা ব্যবস্থা: পশুর পুরো টাকা অগ্রিম খামারির অ্যাকাউন্টে না গিয়ে ব্যাংকের মধ্যস্থতায় (এসক্রো) আটকে থাকবে। ক্রেতা সুস্থ পশু বুঝে পাওয়ার পর নিশ্চিত করলেই কেবল টাকা খামারি পাবেন।
৪. ডিজিটাল কসাই সেবায় ক্যামেরা প্রবেশাধিকার: মাংস প্রক্রিয়াকরণটি সম্পূর্ণ শরিয়াহসম্মত ও স্বাস্থ্যকর পরিবেশে হচ্ছে কিনা তা নিশ্চিত করতে ক্রেতাকে সিসিটিভি ক্যামেরা বা সরাসরি দেখার লিংক সরবরাহ করা যেতে পারে।
৫. ডিজিটাল প্রত্যয়ন ও ট্রাস্ট ব্যাজ: ই-ক্যাব বা প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে ক্ষুদ্র ও সাময়িক উদ্যোক্তাদের অনলাইন ‘ডিজিটাল ভেরিফিকেশন বা ট্রাস্ট ব্যাজ’ প্রদান করা হলে তা ক্রেতার আস্থা কয়েক গুণ বাড়িয়ে দেবে।

আসন্ন ঈদে ডিজিটাল হাটের আস্থার জায়গা বাড়ার বড় কারণ হিসেবে কাজ করছে ওজন ও মূল্যের স্বচ্ছতা (প্রতি কেজি জীবন্ত ওজন হিসেবে সুনির্দিষ্ট দাম), স্বাস্থ্য সচেতনতা (জৈব ও অ্যান্টিবায়োটিকমুক্ত পশুর নিশ্চয়তা) এবং শীতল শৃঙ্খলের উন্নয়ন (হিমায়িত ভ্যানের প্রাপ্যতা নিশ্চিত করায় মাংসের গুণগত মান নষ্ট হওয়ার ঝুঁকি প্রায় শূন্যে নেমে আসা)।

ক্যাটল ই-কমার্স ও ডিজিটাল কসাই নির্দেশিকা: সরকারি নীতিমালার প্রয়োজনীয়তা
ডিজিটাল পশুর হাটের এই বিশাল অর্থনৈতিক সম্ভাবনাকে টেকসই করতে এবং ক্রেতা-উদ্যোক্তা উভয়ের স্বার্থ সুরক্ষায় সরকারের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট ও স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠামো প্রণয়ন করা এখন সময়ের দাবি। বাণিজ্য মন্ত্রণালয়ে পূর্বতন নির্দেশিকার সীমাবদ্ধতা কাটিয়ে সরকার পরবর্তীতে ২০২৩ সালের ‘জাতীয় ডিজিটাল কমার্স (সংশোধিত) নীতিমালা’ এবং সমসাময়িক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিজিটাল লেনদেনে মধ্যস্থতা ব্যবস্থা (এসক্রো সিস্টেম) এবং কেন্দ্রীয় নিষ্পত্তি প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তবে জীবন্ত পশু বা কোরবানি প্রসেসিং সার্ভিসের মতো জটিল ও পচনশীল সরবরাহ শৃঙ্খলের (সাপ্লাই চেইন) জন্য এখনও সুনির্দিষ্ট উপ-নীতিমালার অভাব রয়েছে।

এই বাজারকে সম্পূর্ণ নিয়মতান্ত্রিক শৃঙ্খলায় আনতে এবং ক্ষুদ্র খামারিদের আমলাতান্ত্রিক জটিলতা থেকে রক্ষা করতে বাণিজ্য মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিচের নির্দেশনাগুলো বাস্তবায়ন করতে পারে-

১. বৈধ ট্রেড লাইসেন্সকে একক পরিচয় (আইডেন্টিটি) করা: ফেসবুকে পেজ বা অনলাইনে যারা কোরবানি বা ভাগের প্যাকেজ বিক্রি করছেন, তাদের জন্য একাধিক নতুন ডিজিটাল আইডি বা নিবন্ধনের বাধ্যবাধকতা তৈরি করে উদ্যোক্তাদের মূল্যবান সময় নষ্ট করা অনুচিত। এর পরিবর্তে ব্যবসার প্রধান আইনি ভিত্তি হিসেবে শুধুমাত্র একটি ‘বৈধ ট্রেড লাইসেন্স’ থাকাকেই অনলাইন ব্যবসার একক এবং চূড়ান্ত পরিচয় হিসেবে স্বীকৃতি দেয়া উচিত, যা উদ্যোক্তাদের আমলাতান্ত্রিক জটিলতা ও সময় দুটোই বাঁচাবে।

২. জীবন্ত ওজন (লাইভ ওয়েট) মানদণ্ড নির্ধারণ: অনলাইন পশুর ওজন নির্ধারণে কারচুপি রোধে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রত্যয়িত স্ট্যান্ডার্ড ডিজিটাল স্কেল ব্যবহার বাধ্যতামূলক করা উচিত। এ ছাড়া পরিমাপের হেরফের হলে ভোক্তা অধিকার আইন অনুযায়ী তাৎক্ষণিক জরিমানা নির্ধারণের আইনি বিধান নীতিমালায় স্পষ্ট থাকতে হবে।

৩. অর্থ ফেরত (রিফান্ড) ও ক্ষতিপূরণ আইন: যদি কোনও খামার বুকিং করা পশু নির্দিষ্ট সময়ে সরবরাহ করতে ব্যর্থ হয়, অথবা সরবরাহকৃত পশুর ওজন বা জাতে যদি প্রমাণিত জালিয়াতি (প্রতারণা) থাকে, তবে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ক্রেতাকে শতভাগ সমপরিমাণ টাকা ফেরত দেয়ার পাশাপাশি খামারিকে আইনি জরিমানা করার স্পষ্ট বাধ্যবাধকতা থাকতে হবে।

৪. স্বাস্থ্যকর ও শীতল শৃঙ্খল মানদণ্ড নির্দেশিকা: ডিজিটাল কসাই বা মাংস প্রক্রিয়াকরণ সেবার জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) সুনির্দিষ্ট স্বাস্থ্যবিধি গাইডলাইন থাকা জরুরি। কসাইদের স্বাস্থ্য পরীক্ষা, মাংস কাটার জায়গার জীবাণুমুক্ততা এবং তাপমাত্রা নিয়ন্ত্রিত গাড়ির (হিমায়িত ভ্যান) ব্যবহার নিশ্চিত করতে সরকারি তদারকি জোরদার করা দরকার।

সরকারি সংস্থাসমূহের সমন্বিত বিশেষ দল (টাস্কফোর্স)
অনলাইন ডিজিটাল হাট, ভাগে কোরবানি এবং আধুনিক কসাই সেবার পুরো ইকোসিস্টেমটিকে শতভাগ স্বচ্ছ, ইসলামিক নিয়মানুগ এবং জবাবদিহিতামূলক করতে সরকারের প্রধান প্রধান কয়েকটি উইং বা সংস্থার সমন্বয়ে একটি ডেডিকেটেড ‘জাতীয় ডিজিটাল কোরবানি তদারকি বিশেষ দল’ (টাস্কফোর্স) গঠন করা প্রয়োজন। এই সমন্বিত উদ্যোগে মূলত নিচের ৫টি সরকারি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করতে পারে-

১. ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন: ডিজিটাল কসাই সেবা এবং ভাগে কোরবানির ধর্মীয় বাধ্যবাধকতা তদারকি করতে সুনির্দিষ্ট নির্দেশিকা (এসওপি) তৈরি করা এবং প্রত্যয়িত আলেমদের মাধ্যমে পশুর সুস্থতা ও শরিয়াহসম্মত উপায়ে জবাই নিশ্চিত করা।

২. মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়: খামার পর্যায়ে পশুর স্বাস্থ্য, জাত এবং ক্ষতিকর স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক মুক্ত থাকার বিষয়টি প্রত্যয়ন করা এবং মাঠ কর্মকর্তাদের দ্বারা ডিজিটাল স্কেলের সঠিকতা যাচাই করা।
৩. বাণিজ্য মন্ত্রণালয় এবং আইসিটি বিভাগ: ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর আইনি বৈধতা, এসক্রো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ক্রেতার টাকার নিরাপত্তা এবং জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালার সঠিক বাস্তবায়ন ও কারিগরি নজরদারি নিশ্চিত করা।

৪. জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর: ওজনের হেরফের, ছবি ও বাস্তবের অমিল কিংবা সরবরাহ জালিয়াতির মতো ঘটনা ঘটলে তাদের বিশেষ ‘ডিজিটাল ক্যাটল সেল’ তাৎক্ষণিক অভিযোগ গ্রহণ এবং ২৪ ঘণ্টার মধ্যে স্পট ফাইন বা আইনি শাস্তির ব্যবস্থা করবে।
৫. স্থানীয় সরকার বিভাগ ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ: কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ, পরিবেশ সুরক্ষা এবং ডিজিটাল কসাইদের মাংস প্রক্রিয়াকরণের স্থানটি সম্পূর্ণ স্বাস্থ্যকর (হাইজেনিক) ও জীবাণুমুক্ত কিনা তা নিশ্চিত করা।

এই ৫টি উইং সমন্বিত কেন্দ্রীয় ডিজিটাল ড্যাশবোর্ড এর মাধ্যমে যুক্ত হয়ে কাজ করলে, পুরো অর্থনীতিটি শতভাগ নিরাপদ হবে এবং উদ্যোক্তা ও সাধারণ ক্রেতা উভয়ের কাছেই এটি একটি আদর্শ মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়
বিশেষ করে ই-ক্যাব সহ সংশ্লিষ্ট সংগঠনগুলোতে নির্বাচিত প্রতিনিধি না থাকায় এবার প্রাতিষ্ঠানিক বা সরকারি উদ্যোগে কোনো কেন্দ্রীয় ‘ডিজিটাল হাট’ আয়োজন করা সম্ভব হয়নি। তবে এই সীমাবদ্ধতার মাঝেই বাজারটি সম্পূর্ণ বেসরকারি করপোরেট ডেইরি (যেমন বেঙ্গল মিট, প্রোটিন মার্কেট) এবং প্রান্তিক খামারিদের ব্যক্তিগত ডিজিটাল উদ্যোগে পুরোদমে সচল রয়েছে। ঢাকার বাইরে প্রান্তিক খামারিদের শতভাগ এই ডিজিটাল ইকোসিস্টেমে অন্তর্ভুক্ত করা এখনও সম্ভব হয়নি। এ ছাড়া ঈদের দিন পণ্য পরিবহন ও ট্রাফিক জ্যামের কারণে সরবরাহের সময় ঠিক রাখা একটি বড় পরীক্ষা। ক্ষুদ্র ও মাঝারি খামারিদের এই বিশাল ডিজিটাল বাজারে সরাসরি যুক্ত করতে পারলে গ্রামীণ অর্থনীতির চিত্র পুরোপুরি বদলে যাবে।

ডিজিটাল হাট কেবল একটি কেনাকাটার প্ল্যাটফর্ম নয়; এটি দেশের গ্রামীণ অর্থনীতির সঙ্গে শহুরে আধুনিক জীবনযাত্রার এক অপূর্ব মেলবন্ধন। এটি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে খামারিদের যেমন সঠিক মূল্য দিচ্ছে, তেমনি নাগরিক জীবনে এনেছে চরম স্বস্তি। সরকারের ‘ডিজিটাল রুপান্তর’ বিনির্মাণের যে লক্ষ্য, তার একটি অন্যতম সফল এবং দৃশ্যমান উদাহরণ এই ডিজিটাল কোরবানির হাট। আসন্ন ঈদে এই খাত আরও পরিচ্ছন্ন, নিরাপদ এবং আরও বেশি গ্রাহকবান্ধব হয়ে ওঠবে এটাই আমাদের প্রত্যাশা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *