আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

এএমডি রাইজেন ৫ ৩৫০০ইউ প্রসেসরে সাশ্রয়ী মিনি পিসি পেলাডন

ক.বি.ডেস্ক: চীনের বাজারে নতুন কনফিগারেশনের ডব্লিউও৫ মিনি পিসি উন্মোচন করেছে পেলাডন। নতুন সংস্করণটিতে তুলনামূলক পুরোনো হলেও দৈনন্দিন কাজের জন্য সক্ষম এএমডি রাইজেন ৫ ৩৫০০ইউ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আধুনিক প্রসেসরের সঙ্গে পারফরম্যান্সে প্রতিযোগিতা করতে না পারলেও কম মূল্যের কারণে বাজেট ব্যবহারকারীদের কাছে মিনি পিসিটি আকর্ষণীয় হতে পারে।

নতুন পেলাডন ডব্লিউও৫-এ ব্যবহার করা হয়েছে এএমডি-এর পিকাসো-ইউ সিরিজের এপিইউ। রাইজেন ৫ ৩৫০০ইউ প্রসেসরটি চার কোরের এবং জেন+ মাইক্রোআর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি। প্রসেসরটি বেশ পুরোনো হলেও সাধারণ কম্পিউটিং, ওয়েব ব্রাউজিং এবং হালকা অফিসের কাজ অনায়াসে সামলাতে পারে।

প্রসেসরের সঙ্গে থাকা এএমডি রেডন আরএক্স ভেগা ৮ ইন্টিগ্রেটেড গ্রাফিকস কিছুটা গ্রাফিকস-নির্ভর কাজ সামলাতে সক্ষম। তবে আধুনিক গেম চালানোর জন্য এটি যথেষ্ট শক্তিশালী নয়। ফলে গেমিংয়ের পরিবর্তে অফিসের কাজ, মাল্টিমিডিয়া ব্যবহার ও সাধারণ কম্পিউটিংয়ের জন্যই এই মিনি পিসি বেশি উপযোগী।

পারফরম্যান্সের দিক থেকে রাইজেন ৫ ৩৫০০ইউ-চালিত ডব্লিউ৫ পেলাডন-এর কোর ৩ ৩০৪ প্রসেসরযুক্ত সংস্করণের তুলনায় কিছুটা পিছিয়ে। এ ছাড়া নতুন কনফিগারেশনে সর্বোচ্চ ১৫ ওয়াট টিডিপি নির্ধারণ করা হয়েছে। ফলে দীর্ঘ সময় ভারী কাজের ক্ষেত্রে এর কুলিং সক্ষমতা খুব বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা নেই।

কমপ্যাক্ট আকৃতির হলেও পেলাডন ডব্লিউও৫ -এ প্রয়োজনীয় সংযোগের জন্য বেশ ভালো সংখ্যক পোর্ট রাখা হয়েছে। এতে রয়েছে ২টি ইউএসবি ৩.২ জেন ২ টাইপ-এ, ২টি এইচডিএমআই ২.০, ১টি গিগাবিট ইথারনেট,
১টি ইউএসবি ২.০ টাইপ-এ, ২টি ইউএসবি ৩.২ জেন ২ টাইপ-সি এবং ১টি ৩.৫ মিমি অডিও জ্যাক।

ইউএসবি ৩.২ জেন ২ টাইপ-সি এবং দুটি এইচডিএমআই পোর্ট থাকায় মিনি পিসিটি তিনটি ডিসপ্লেতে একসঙ্গে আউটপুট দেয়ার সক্ষমতা রাখে। ফলে একাধিক মনিটর ব্যবহার করেন এমন অফিস বা উৎপাদনশীলতা-কেন্দ্রিক ব্যবহারকারীদের জন্য এটি সুবিধাজনক হতে পারে। সংযোগের ক্ষেত্রে রয়েছে ওয়াই-ফাই ৬ এবং ব্লুটুথ ৫.০। পাশাপাশি মেমোরি ও স্টোরেজ আপগ্রেড করার সুযোগ থাকায় ব্যবহারকারীরা ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সিস্টেমের সক্ষমতা বাড়াতে পারবেন।

চীনের বাজারে রাইজেন ৫ ৩৫০০ইউ সংস্করণটি ৮ জিবি মেমোরি এবং ২৫৬ জিবি এসএসডি কনফিগারেশনে পাওয়া যাচ্ছে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৫৪৯ চীনা ইউয়ান, যা প্রায় ২৩০ মার্কিন ডলার। কম মূল্যে ছোট আকারের কমপিউটার খুঁজছেন এবং যাদের মূল কাজ ওয়েব ব্রাউজিং, অফিস অ্যাপ্লিকেশন ও সাধারণ মাল্টিমিডিয়া ব্যবহারে সীমাবদ্ধ তাদের জন্য একটি বাজেট-কেন্দ্রিক সমাধান হতে পারে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *