সাম্প্রতিক সংবাদ

‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিট ২০২৬’, অংশ নিচ্ছে বিসিএসের ১৪ সদস্যের প্রতিনিধি দল

ক.বি.ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের আইসিটি খাতের আন্তর্জাতিক সংগঠন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও)-এর উদ্যোগে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিট ২০২৬’। ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত সুইসোটেল জাকার্তা পিআইকে অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে এ আন্তর্জাতিক সম্মেলন।

এবারের সম্মেলনের আয়োজক স্বাগতিক সংগঠন ইন্দোনেশিয়ান আইসিটি বিজনেস অ্যাসোসিয়েশন (এপটিকনাস)। ‘নিরাপদ, সহনশীল ও আন্তঃসংযুক্ত ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিতকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সম্মেলনে ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, ডিজিটাল অবকাঠামো এবং আঞ্চলিক প্রযুক্তি সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

সম্মেলনে বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস)-এর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে। প্রতিনিধি দলে রয়েছেন বিসিএসের সহসভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মো. আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান, পরিচালকদ্বয় মো. নজরুল ইসলাম হাজারী ও মো. ইকবাল হোসাইন এবং অ্যাসোসিওর আজীবন সম্মানিত চেয়ারম্যান ও বিসিএসের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল্লাহ এইচ কাফি সহ অন্যরা।

আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনের প্রথম দিন ৫ অক্টোবর আন্তর্জাতিক প্রতিনিধিদের আগমন, অ্যাসোসিও বোর্ড মিটিং, সাধারণ সভা ও স্বাগত নৈশভোজ অনুষ্ঠিত হবে। এতে অ্যাসোসিওর সদস্য অর্থনীতিগুলোর প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, প্রযুক্তি খাতের উদ্যোক্তা, আন্তর্জাতিক অতিথি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। অ্যাসোসিওর বোর্ড মিটিংয়ে বিসিএসের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম অংশ নেবেন।

৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন। একই দিন শুরু হবে ডিজিটাল ও এআই প্রদর্শনীর প্রথম পর্ব। দিনব্যাপী মূল প্রবন্ধ, প্লেনারি প্যানেল, ব্রেকআউট সেশন এবং ফায়ারসাইড চ্যাটে ডিজিটাল রূপান্তর, ডিজিটাল কৌশল, ডিজিটাল অর্থায়ন, ডিজিটাল পরিচয়, আন্তঃসীমান্ত আস্থা, সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল অবকাঠামো নিয়ে আলোচনা হবে।

দিনটির উল্লেখযোগ্য অধিবেশনের মধ্যে রয়েছে ‘বোর্ডরুম ডিজিটাল স্ট্র্যাটেজি: হোয়্যার সিইওস অ্যান্ড সিআইওস শুড প্লেস দেয়ার বেটস’; ‘ডিজিটাল ফাইন্যান্স, আইডেন্টিটি অ্যান্ড ক্রস-বর্ডার ট্রাস্ট’; ‘ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ক্লাউড সার্বভৌমত্ব’ এবং ‘ডিজিটাল ট্রান্সফরমেশন থেকে ট্রাস্টেড এআই’ বিষয়ে বিশেষ আলোচনা হবে।

৬ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘অ্যাসোসিও অ্যাওয়ার্ডস ২০২৬’ ও ‘অ্যাসোসিও ডিজিটাল এআই অ্যাওয়ার্ডস ২০২৬’। পুরস্কার প্রদান অনুষ্ঠানের পর থাকবে সেলিব্রেশন ডিনার, নেটওয়ার্কিং ও মিডিয়া ইন্টারঅ্যাকশন।

সম্মেলনের শেষ দিন ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘অ্যাসোসিও এআই সামিট’। এদিন এআই গবেষণা, দক্ষতা উন্নয়ন, দায়িত্বশীল এআই, এআই গভর্ন্যান্স এবং ভবিষ্যৎ অর্থনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে আলোচনা হবে। এদিনের উল্লেখযোগ্য অধিবেশনের মধ্যে রয়েছে ‘ফ্রম ফাউন্ডেশন মডেলস টু এআই নেশনস’ এবং ‘ফ্রম এআই এক্সপেরিমেন্টস টু এআই ফ্যাক্টরিজ’।

পাশাপাশি এশিয়া-ওশেনিয়া অঞ্চলে এআই ইকোসিস্টেম গড়ে তোলা, জাতীয় কৌশল থেকে আঞ্চলিক সহযোগিতা, সাইবার নিরাপত্তা, দক্ষ জনবল বিনিময় এবং সীমান্তপারের স্টার্টআপ ও বিনিয়োগ সহযোগিতা নিয়েও আলোচনা হবে। একই দিনে অনুষ্ঠিত হবে এআই প্রদর্শনীর দ্বিতীয় পর্ব, উদ্ভাবক ও পুরস্কারপ্রাপ্তদের শোকেস এবং পিচ নেটওয়ার্কিং সেশন।

তিন দিনের এ আন্তর্জাতিক সম্মেলনে এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ২৪টি অর্থনীতির প্রতিনিধিত্বকারী আইসিটি সংগঠনের প্রতিনিধি, নীতিনির্ধারক, প্রযুক্তিবিদ, শিল্পখাতের প্রতিনিধি, উদ্যোক্তা ও উদ্ভাবকেরা অংশ নেবেন। সম্মেলনে ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি উদ্ভাবন, সাইবার নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় হবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিট ২০২৬’ এশিয়া-ওশেনিয়া অঞ্চলের প্রযুক্তি খাতের অংশীজনদের মধ্যে সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ আরও বাড়াবে। একই সঙ্গে নতুন প্রযুক্তি উদ্যোগ, বিনিয়োগ, উদ্ভাবন এবং আন্তঃদেশীয় অংশীদারত্ব তৈরিতে সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *