উদ্যোগ

কক্সবাজারে বসছে বিডিনগ’র ২২তম সম্মেলন, নিবন্ধন চলছে ৮ নভেম্বর পর্যন্ত

১১ থেকে ১৩ নভেম্বর কারিগরি কর্মশালা, ১৪ নভেম্বর মূল সম্মেলন; অংশ নেবেন দেশ-বিদেশের নেটওয়ার্ক বিশেষজ্ঞ ও প্রযুক্তি পেশাজীবীরা

ক.বি.ডেস্ক: দেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি), প্রযুক্তি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের অংশগ্রহণে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) ২২তম সম্মেলন ও কারিগরি কর্মশালা। আগামী ১১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী কারিগরি কর্মশালা এবং ১৪ নভেম্বর মূল সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম চলছে, যা শেষ হবে ৮ নভেম্বর। নিবন্ধন করা যাবে বিডিনগ-এর নির্ধারিত ওয়েবসাইটে: https://rego.bdnog.org/

আয়োজকদের তথ্য অনুযায়ী, কক্সবাজারের লং বিচ হোটেলে সম্মেলন ও কর্মশালার আয়োজন করা হয়েছে। এবারের আয়োজনের সহ-আয়োজক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সহযোগিতায় রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)।

এবারের সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এশিয়া-প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) মহাপরিচালক জিয়া রং লো। এ ছাড়া আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম ও মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া, বিডিনগ-এর সভাপতি ফখরুল আলম (পাপ্পু), মহাসচিব বরকতুল আলম (বিপ্লব) এবং দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ, বক্তা ও প্রশিক্ষকরা এতে অংশ নেবেন।

এ প্রসঙ্গে আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া বলেন, ‘‘আইএসপিএবি প্রতিবছর তার প্রকৌশলীদের জন্য চারটি প্রশিক্ষণের আয়োজন করে। তবে এ খাতে দক্ষতা উন্নয়নের চাহিদা বিবেচনায় আরও প্রশিক্ষণকেন্দ্র প্রয়োজন। পর্যাপ্ত প্রশিক্ষণকেন্দ্র থাকলে প্রকৌশলীদের জন্য প্রতি মাসে প্রশিক্ষণের ব্যবস্থা করা সম্ভব হতো। বাংলাদেশের প্রকৌশলীরা দেশে ও বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। সময়ের সঙ্গে এ ধরনের দক্ষ পেশাজীবীর সংখ্যা বাড়ছে, যা দেশের প্রযুক্তি খাতের জন্য ইতিবাচক।’’

আয়োজকদের প্রত্যাশা, এবারের সম্মেলন ও কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা নেটওয়ার্ক পরিচালনা, ইন্টারনেট অবকাঠামো, আধুনিক নেটওয়ার্ক প্রযুক্তি এবং সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক ও কারিগরি জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের ইন্টারনেট খাতের প্রকৌশলী, নেটওয়ার্ক অপারেটর, সেবাদাতা প্রতিষ্ঠান ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে।

উল্লেখ্য, বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ) নিয়মিতভাবে দেশের নেটওয়ার্ক পরিচালনা, ইন্টারনেট প্রযুক্তি, কারিগরি দক্ষতা উন্নয়ন এবং জ্ঞান বিনিময়ের লক্ষ্যে সম্মেলন, কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করে থাকে। এসব উদ্যোগের মাধ্যমে দেশের ইন্টারনেট কমিউনিটির দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনের সঙ্গে সংযোগ জোরদারে কাজ করছে সংগঠনটি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *