সাম্প্রতিক সংবাদ

২৭ বছরের পথচলায় সিটি আইটির ১৯ দিনের প্রযুক্তি উৎসব, ১ সেপ্টেম্বর থেকে শুরু

ভূঁইয়া মোহাম্মদ ইমরাদ: আন্তর্জাতিক মানের প্রযুক্তিপণ্যের বিশেষায়িত বাজার ঢাকার প্রাণকেন্দ্র আগারগাঁওয়ের আইডিবি ভবনে অবস্থিত বিসিএস কমপিউটার সিটি-তে শুরু হতে যাচ্ছে তিন পর্বের বিশেষ আয়োজন ‘‘সিটি আইটি বর্ষপূর্তি উৎসব ২০২৬’’। বিসিএস কমপিউটার সিটির ব্যবস্থাপনা কমিটি ২৭ বছরের পথচলা, সাফল্য ও ক্রেতাদের আস্থাকে উদযাপন করতে আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই আয়োজন করছে। এর মধ্যে তিনটি আলাদা পর্বে থাকছে প্রযুক্তিপণ্যের বিশেষ সমাহার, ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন এবং ক্রেতা-বিক্রেতাদের অংশগ্রহণে নানা আয়োজন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বিসিএস কমপিউটার সিটির সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও ক্রেতাদের জন্য এবারের আয়োজন সাজানো হয়েছে। দীর্ঘদিনের এই প্রযুক্তিবাজারের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও ক্রেতাদের সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি প্রযুক্তিপণ্যের বাজারে নতুন উদ্দীপনা তৈরি করাই এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য।

১ থেকে ১০ সেপ্টেম্বর: প্রথম পর্বের প্রযুক্তি উৎসব
১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ‘সিটি আইটি বর্ষপূর্তি উৎসব ২০২৬- প্রথম পর্ব’। প্রথম পর্বে দেশের খ্যাতনামা বিভিন্ন ব্র্যান্ডের প্রযুক্তিপণ্যের বিশেষ সমাহার থাকবে। ফলে কমপিউটার, ল্যাপটপ ও অন্যান্য প্রযুক্তিপণ্য কিনতে আগ্রহী ক্রেতারা এই সময়ে বিশেষ আয়োজনের সুবিধা নিতে পারবেন। আয়োজকদের প্রত্যাশা, প্রথম পর্বের এই আয়োজন প্রযুক্তিপণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি বাজারের ব্যবসায়ীদের জন্যও নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি করবে।

১১ সেপ্টেম্বর: ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিসিএস কমপিউটার সিটি-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। দীর্ঘ ২৭ বছরের পথচলা পূর্ণ করার এই দিনটি বাজারটির সদস্য, ব্যবসায়ী, কর্মকর্তা-কর্মচারী ও ক্রেতাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের বর্ষপূর্তি নয়; বরং দেশের প্রযুক্তি খাতের সঙ্গে বিসিএস কমপিউটার সিটির দীর্ঘ সম্পৃক্ততা ও ক্রেতাদের আস্থার সম্পর্ক উদযাপনের উপলক্ষ। এদিন বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগ করে নেয়া হবে।

১২ থেকে ১৯ সেপ্টেম্বর: দ্বিতীয় পর্বের প্রযুক্তি উৎসব
প্রতিষ্ঠাবার্ষিকীর পর ১২ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ‘সিটি আইটি বর্ষপূর্তি উৎসব ২০২৬- দ্বিতীয় পর্ব’। দ্বিতীয় পর্বেও থাকবে দেশের খ্যাতনামা প্রযুক্তি ব্র্যান্ডগুলোর পণ্যের সমাহার। ফলে ১ থেকে ১০ সেপ্টেম্বরের প্রথম পর্ব এবং ১২ থেকে ১৯ সেপ্টেম্বরের দ্বিতীয় পর্ব দুই ধাপেই ক্রেতাদের জন্য প্রযুক্তিপণ্য ঘিরে বিশেষ আয়োজন থাকবে। টানা ১৯ দিনের এই কর্মসূচিতে দেশের প্রযুক্তিপণ্যের বাজারে বাড়তি প্রাণচাঞ্চল্য তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আয়োজনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিসিএস কমপিউটার সিটির ওয়েবসাইট ও অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু হয়েছে। ক্রেতাদের আকর্ষণ বাড়াতে বিভিন্ন পণ্যের বিশেষ অফার, লাইক, মন্তব্য ও শেয়ার সহ নানা প্রচারণামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে।

‘সিটি আইটি বর্ষপূর্তি উৎসব ২০২৬’-এর আহবায়ক মশিউর রহমান রাজু বলেন, ‘‘ক্রেতাদের কাছে বিসিএস কমপিউটার সিটির সেবা ও পণ্যের বৈচিত্র্য আরও ব্যাপকভাবে তুলে ধরতে প্রচারণাকে গুরুত্ব দেয়া হচ্ছে। পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের পণ্য ও সেবার তথ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেয়ার সুযোগ পাবে। ২৭ বছরের পথচলায় এই প্রযুক্তিপণ্যের বাজার দেশের প্রযুক্তিপণ্য বিক্রয় ও বিপণনের ক্ষেত্রে একটি পরিচিত নাম হিসেবে অবস্থান তৈরি করেছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সঙ্গে কমপিউটার, ল্যাপটপ, আনুষঙ্গিক যন্ত্রাংশ ও অন্যান্য ডিজিটাল পণ্যের চাহিদাও বদলেছে। এই পরিবর্তনের ধারায় প্রযুক্তিপণ্যের ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করাই এবারের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।’’

আয়োজকদের প্রত্যাশা, ‘সিটি আইটি বর্ষপূর্তি উৎসব ২০২৬’ ঘিরে হাজার হাজার ক্রেতার সমাগম হবে। এতে প্রযুক্তিপণ্যের বাজারে তৈরি হবে নতুন উদ্দীপনা এবং ব্যবসায়ীদের মধ্যেও বাড়বে নতুন উদ্যম। সব মিলিয়ে এবারের সিটি আইটি বর্ষপূর্তি উৎসব শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। ১ থেকে ১০ সেপ্টেম্বর প্রথম পর্ব, ১১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী এবং ১২ থেকে ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় পর্ব এই তিন ধাপে ১৯ দিনের আয়োজনটি ক্রেতা, বিক্রেতা ও প্রযুক্তিপ্রেমীদের জন্য একটি বড় মিলনমেলায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

২৭ বছরের অর্জন ও গৌরবকে সামনে রেখে আয়োজিত এই উৎসবের মাধ্যমে বিসিএস কমপিউটার সিটি দেশের প্রযুক্তিপণ্যের বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি ক্রেতাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে চায়। ২৭ বছর ধরে বিসিএস কমপিউটার সিটি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বিপ্লবের নীরব চালিকা শক্তি হয়ে কাজ করছে। এখান থেকেই গড়ে ওঠছে নতুন প্রজন্মের প্রযুক্তিনির্ভর বাংলাদেশ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *