তরুণদের জন্য রবির নতুন অধ্যায় ‘সার্কেল’
ক.বি.ডেস্ক: মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রার ঘোষণা করেছে রবি আজিয়াটা। এর মধ্য দিয়ে ১৬ বছরের আস্থা, সম্পৃক্ততা ও অর্থবহ গ্রাহকসংযোগের যাত্রা নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। এই বিবর্তন ব্র্যান্ডের, গ্রাহকদের সঙ্গে অপারেটরের সম্পর্কে কোনও পরিবর্তন আসছে না। এয়ারটেলের সকল গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ‘সার্কেল’-এর গ্রাহকে পরিণত হবেন।
গ্রাহক তথা ব্যবহারকারিদের বিদ্যমান ০১৬ নম্বর, সেবা, প্যাকেজ ও ব্যালান্স আগের মতোই বহাল ও সচল থাকবে। এমএফএস অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও গ্রাহকের তথ্যেও কোনও পরিবর্তন হবে না। এগুলো নিরাপদ ও পূর্ণাঙ্গভাবে সচল থাকবে। কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ভবিষ্যতমুখী ও প্রযুক্তিনির্ভর সুবিধার অঙ্গীকার নিয়ে আসছে সার্কেল। যা আরও সাশ্রয়ী, আধুনিক ও ডিজিটালনির্ভর সেবা দেবে গ্রাহকদের।
সোমবার (১৭ আগস্ট) ঢাকার একটি স্থানীয় হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ড ‘সার্কেল’ উন্মোচন করেন রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা।
পরিবর্তিত ডিজিটাল বাস্তবতা এবং মানুষের ক্রমবর্ধমান সংযুক্ত জীবনধারার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে ‘সার্কেল’। এতে এয়ারটেলের তারুণ্য কেন্দ্রিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে আরও উন্নত ডিজিটাল সক্ষমতা, পরিবর্তিত সেবা এবং ভবিষ্যৎমুখী নানা উদ্যোগ। মানুষের বদলে যাওয়া যোগাযোগের ধরনকে বিবেচনায় রেখেই নতুন ব্র্যান্ডটি তৈরি করা হয়েছে।
এ প্রসঙ্গে জিয়াদ সাতারা বলেন, “১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে ওঠেছে। সার্কেল সেই যাত্রারই পরবর্তী ধাপ। ব্র্যান্ডের নাম বদলালেও মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে। সংযোগের ক্ষেত্রে যখন আমরা নতুন একটি পর্যায়ে প্রবেশ করছি, তখন শুধু আরও বেশি মানুষকে যুক্ত করাই আর মূল বিষয় নয়; বরং সেই সংযোগগুলোকে আরও অর্থবহ করে তোলাই এখন গুরুত্বপূর্ণ। ‘সার্কেল’ এয়ারটেলের সেই যাত্রার পরবর্তী বিবর্তন। ”





