ইউআইটিএস শিক্ষার্থীদের জন্য হার্ভার্ডের ভেরিফায়েড সার্টিফিকেট ফ্রি
ক.বি.ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর শিক্ষার্থীদের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড সার্টিফিকেট অর্জনের সুযোগ তৈরি হয়েছে। ফিউচারনেশন ও এডএক্স-এর সহযোগিতায় পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে যোগ্য শিক্ষার্থীরা বিনামূল্যে বিশ্বমানের অনলাইন কোর্স সম্পন্ন করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভেরিফায়েড সার্টিফিকেট পাবেন।
ইউআইটিএস-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) জানায়, এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিংয়ের মতো উচ্চ চাহিদাসম্পন্ন বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
পাইথনভিত্তিক এই শিক্ষাক্রম এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে প্রোগ্রামিংয়ের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও শিক্ষার্থীরা সহজেই অংশ নিতে পারেন। মৌলিক প্রোগ্রামিং থেকে শুরু করে বাস্তবভিত্তিক প্রয়োগ পর্যন্ত ধাপে ধাপে শেখানো হবে। পাশাপাশি থাকবে ইন্টারঅ্যাকটিভ কোডিং অনুশীলন, ব্যবহারিক অ্যাসাইনমেন্ট এবং মূল্যায়ন ব্যবস্থা, যা শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করবে।
সাধারণত এডএক্স প্ল্যাটফর্মে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড সার্টিফিকেট পেতে প্রায় ৩০০ মার্কিন ডলার সমমূল্যের ভেরিফিকেশন ফি দিতে হয়। তবে ফিউচারনেশনের প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং এডএক্সের সঙ্গে লাইসেন্সিং চুক্তির আওতায় যোগ্য ইউআইটিএস শিক্ষার্থীরা কোর্সের সব শর্ত সফলভাবে পূরণ করলে কোনও অতিরিক্ত অর্থ ছাড়াই এই ভেরিফায়েড সার্টিফিকেট অর্জন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন, একাডেমিক প্রোফাইল সমৃদ্ধ করা এবং প্রযুক্তি খাতে প্রতিযোগিতামূলক ক্যারিয়ার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি বিশ্বব্যাপী স্বীকৃত ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করবে, যা চাকরি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের বাড়তি সুবিধা দেবে।
ইউআইটিএস জানিয়েছে, শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ নিশ্চিত করতে এ ধরনের বৈশ্বিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





