যুক্তরাষ্ট্রের খুচরা বাজারে বাংলাদেশি ব্র্যান্ড গড়ার কৌশল নিয়ে ঢাকায় কর্মশালা
ক.বি.ডেস্ক: বাংলাদেশি উৎপাদক ও উদ্যোক্তাদের নিজস্ব ব্র্যান্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রের খুচরা বাজারে প্রবেশের প্রস্তুতি ও কার্যকর কৌশল তুলে ধরতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে একটি প্রিমিয়াম কর্মশালা। এতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৫৭ জন উৎপাদক, রপ্তানিকারক, উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশ নেন।
সম্প্রতি রাজধানীর একটি স্থানীয় হোটেলে বিজনেস গ্লোবালাইজার ও স্কাই প্রেপ সেন্টারের যৌথ উদ্যোগে ‘বাংলাদেশি ম্যানুফেকচারার টু ইউএস রিটেল ব্র্যান্ড অনার’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, কর্মশালাটি ছয়টি মূল সেশন ও একটি বিশেষ অতিথি সেশন নিয়ে সাজানো হয়। এতে পণ্য নির্বাচন, বাজার যাচাই, যুক্তরাষ্ট্রে ব্যবসা নিবন্ধন, ব্যাংকিং, লজিস্টিকস, ওয়্যারহাউস ব্যবস্থাপনা, ফুলফিলমেন্ট, মূল্য নির্ধারণ এবং বাজারে প্রবেশের কৌশলসহ উৎপাদন থেকে ভোক্তার হাতে পণ্য পৌঁছানোর পুরো প্রক্রিয়া বাস্তব উদাহরণের মাধ্যমে তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য যুক্তরাষ্ট্রের খুচরা বাজারে প্রবেশের একটি ধাপভিত্তিক রোডম্যাপও উপস্থাপন করা হয়।
কর্মশালার মূল সেশন পরিচালনা করেন বিজনেস গ্লোবালাইজারের লিড কনসালট্যান্ট ও স্কাই প্রেপ সেন্টারের সহ-প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এসটি এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক নূর ইসলাম, ফ্রন্টিয়ার পেট ফুডস লিমিটেডের পরিচালক আবিদ আজাদ খান এবং ই-কম শিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোয়েব আলী শেখ। তাঁরা আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা, সীমান্তপারের ই-কমার্স এবং বৈশ্বিক বাজার সম্প্রসারণে নিজেদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।
আবদুল্লাহ আল মামুন বলেন, “উৎপাদনই শেষ কথা নয়। একটি পণ্য যখন নিজস্ব ব্র্যান্ডের পরিচয়ে ক্রেতার হাতে পৌঁছে, তখনই প্রকৃত যাত্রা হয়। এই যাত্রার সময় ও ব্যয় কমিয়ে এনে আমরা বাংলাদেশি ব্র্যান্ডগুলোকে বৈশ্বিক বাজারে প্রতিষ্ঠিত হতে সহায়তা করতে চাই।”
আয়োজকদের তথ্য অনুযায়ী, ১০ বছর পূর্তি উদযাপন করা বিজনেস গ্লোবালাইজার গত এক দশকে ৮ হাজারের বেশি কোম্পানি গঠনে সহায়তা করেছে এবং ৫ হাজারের বেশি ক্লায়েন্টকে সেবা দিয়েছে। অন্যদিকে স্কাই প্রেপ সেন্টার যুক্তরাষ্ট্রে তিনটি ওয়্যারহাউস পরিচালনার পাশাপাশি ২৫০টির বেশি ক্লায়েন্টকে সেবা দিয়েছে এবং ২০ হাজারের বেশি পণ্য চালান ব্যবস্থাপনার অভিজ্ঞতা অর্জন করেছে।
কর্মশালার সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে নেটওয়ার্কিং ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় তাঁরা নিজেদের পণ্যকে যুক্তরাষ্ট্রের বাজারে সফলভাবে প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক খুচরা ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন।





