ফিনিক্স সামিট ২০২৬ সমাপ্ত: সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্বারোপ
ক.বি.ডেস্ক: বাংলাদেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল সহনশীলতা জোরদার এবং উদীয়মান অর্থনীতিগুলোর মধ্যে সাইবার নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।
আজ শনিবার (২৭ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ‘ক্লোজিং দ্য সাইবার গ্যাপ ইন ইমার্জিং ইকোনোমিস’ প্রতিপাদ্যে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এ সময় উপস্থিত ছিলেন আইএসপিএবি সভাপতি মো. আমিনুল হাকিম, দ্য টিম ফিনিক্স গ্রুপের (টিটিপিজি) ফাউন্ডার এ এস এম শামীম রেজা। এ ছাড়া অনুষ্ঠানে সরকারি নীতিনির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ, শিল্পখাতের প্রতিনিধি, গবেষক, শিক্ষার্থী এবং দেশ-বিদেশের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
সামিটের মূল সম্মেলনে সাইবার নিরাপত্তা, ডিজিটাল সহনশীলতা, জাতীয় গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো সুরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উদীয়মান প্রযুক্তি এবং বৈশ্বিক সাইবার হুমকি মোকাবিলা নিয়ে একাধিক বিশেষজ্ঞ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় দেশি-বিদেশি বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা, গবেষণা এবং নীতিগত সুপারিশ তুলে ধরেন।
সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘‘সম্প্রতি চীন সফরে প্রযুক্তি সহযোগিতা নিয়ে নীতিনির্ধারকদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। চীনের জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনাকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। আমাদের দেশের জনসংখ্যার বড় অংশই নবীন। এই ডেমোগ্রাফিক বাস্তবতা আমাদের জন্য বড় সুবিধা হতে পারে, যদি আমরা তা পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারি। এই আয়োজন থেকে বোঝা যাচ্ছে আমাদের তরুণদের মধ্যে বিপুল সম্ভাবনা রয়েছে।’’
এ এস এম শামীম রেজা বলেন, ‘‘ফিনিক্স সামিট বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে আরও শক্তিশালী ও সমন্বিত করার একটি যৌথ উদ্যোগ। তিনি বলেন, দেশ-বিদেশের নীতিনির্ধারক, গবেষক, প্রযুক্তি পেশাজীবী ও শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ এ আয়োজনকে সফল করেছে। সামিটে জ্ঞান-বিনিময়, সহযোগিতা এবং নতুন উদ্যোগ ভবিষ্যতে দেশের ডিজিটাল নিরাপত্তা ও সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।’’
দেশের অন্যতম শীর্ষ সাইবার নিরাপত্তা উদ্যোগ দ্য টিম ফিনিক্স গ্রুপের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংক পিএলসির পাওয়ার্ড বাই স্পন্সরশিপে অনুষ্ঠিত পাঁচ দিনের এ সম্মেলনে ১০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী বিভিন্ন সেশন, কর্মশালা, প্রদর্শনী ও নেটওয়ার্কিং কার্যক্রমে অংশ নেন। সামিটে ৭৩টি প্রতিষ্ঠানের স্টল, ১৮টি বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি ক্লাব এবং দেশি-বিদেশি তিনটি নলেজ পার্টনার অংশগ্রহণ করে।
সাইবার নিরাপত্তা সচেতনতা ও কমিউনিটি উন্নয়নে অবদানের জন্য ইসলামিক ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি ক্লাবকে সম্মাননা দেয়া হয়। সাইবার নিরাপত্তা খাতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর উপমহাব্যবস্থাপক (ডোমেইন) জয়ীতা সেন রিম্পীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সাইবার নিরাপত্তা শিল্পে দীর্ঘদিনের নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ ফাইবার অ্যাট হোমের প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) সুমন আহমেদ সাবিরকে ‘লাইফটাইম অনার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির সহযোগিতায় আয়োজিত এ সামিটে ইন অ্যাসোসিয়েশন উইডথ স্পন্সর হিসেবে ছিল এক্সেনটেক পিএলসি।





