সাম্প্রতিক সংবাদ

আজ শুরু হচ্ছে ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’, ইন্টারনেট খাতে নতুন সম্ভাবনা

ক.বি.ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে প্রথমবারের মতো আজ থেকে শুরু হচ্ছে ‘লিংকিং পিপল, লিংকিং ফিউচার’ স্লোগানে তিন দিনব্যাপী (১৩-১৫ এপ্রিল) ‘‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’’। দেশের ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে এক প্ল্যাটফর্মে তুলে ধরতেই এই আয়োজনকে ঘিরে প্রযুক্তি খাতে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)- এর উদ্যোগে আয়োজিত ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’-এর প্রদর্শনী রাজধানীর শের-ই-বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আইসিটি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা, সফটওয়্যার, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক পণ্যসমূহ প্রদর্শন করবে। এবারের প্রদর্শনীতে ১০টি প্যাভিলিয়ন, ৩৫টি মিনি প্যাভিলিয়ন ও ২০টি স্টল থাকছে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে।

‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’ হলো দেশের ইন্টারনেট ও টেলিযোগাযোগ খাতের অন্যতম বৃহৎ প্রদর্শনী, যেখানে একত্রিত হচ্ছেন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি উদ্যোক্তা, নীতিনির্ধারক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং বিনিয়োগকারীরা। প্রদর্শনীতে দেশের ব্রডব্যান্ড খাতের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবটিকস, আইওটি ইত্যাদি ভিত্তিক প্রায় ২৫টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করবে।

দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়লেও এখনও গ্রামাঞ্চলে মানসম্মত ব্রডব্যান্ড পৌঁছানো একটি বড় চ্যালেঞ্জ। এই এক্সপো- ডিজিটাল বিভাজন কমাতে নতুন সমাধান তুলে ধরবে, বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে, দেশীয় প্রযুক্তি খাতকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবে এবং ডিজিটাল রুপান্তর বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে। প্রদর্শনীতে আপনি উপভোগ করতে পারবেন এআই, রোবোটিক্স, ক্লাউড টেকনোলজি, আইওটি, ফাস্ট ব্রডব্যান্ড এক্সপেরিয়েন্স, ট্রিপল প্লে এবং আরও অনেক কিছু যা আপনার জীবনকে সহজ, স্মার্ট এবং সংযুক্ত করবে।

আজ সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর শের-ই-বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন প্রধান অতিথি তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি) রেহান আসিফ আসাদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবদুন নাসের খান এবং বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী।

মঙ্গলবার ১৪ এপ্রিল ব্রডব্যান্ড এক্সপোর ২য় দিনে আইএসপিএবির সকল সদস্য, স্পন্সর, ও মেলায় আগত দর্শনার্থীদের জন্য থাকছে দেশের প্রখ্যাত ব্র্যান্ড শিরোনামহীন ও বিভিন্ন ব্যান্ড শিল্পিদের নিয়ে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান।

বুধবার ১৫ এপ্রিল ব্রডব্যান্ড এক্সপোর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশেষ অতিথি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, আইসিটি সচিব কাজী আনোয়ার হোসেন, বিটিআরসির ভাইস- চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।

বিশেষজ্ঞদের মতে, শক্তিশালী ব্রডব্যান্ড অবকাঠামো ছাড়া টেকসই ডিজিটাল অর্থনীতি সম্ভব নয়। ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’ সেই অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি, নীতি ও বিনিয়োগের সমন্বয় ঘটাবে। সব দিক বিবেচনায়, ব্রডব্যান্ড এক্সপো ২০২৬ বাংলাদেশের প্রযুক্তি খাতে এক নতুন যুগের সূচনা করতে পারে। দ্রুতগতির ইন্টারনেট, উদ্ভাবনী সমাধান এবং ডিজিটাল অন্তর্ভুক্তির মাধ্যমে এই আয়োজন দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হয়ে ওঠতে যাচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *