অ্যাপস মোবাইল

‘আস্থা’ অ্যাপে ২ লাখ ৩৭ হাজার কোটি টাকার ডিজিটাল লেনদেন

ক.বি.ডেস্ক: শুধুমাত্র ২০২৫ সালে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘আস্থা’ অ্যাপে ২ লাখ ৩৭ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। বর্তমানে এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকিং সেবা নিচ্ছেন ১২ লাখেরও বেশি গ্রাহক। বর্তমানে ‘আস্থা’ অ্যাপে প্রতি মাসে গড়ে ২৪ হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে, যা ব্যাংকটির মোট ডিজিটাল লেনদেনের ৫০ শতাংশেরও বেশি।

এই অর্জন ব্যাংকটির প্রযুক্তি, গ্রাহক সেবা ও নিরাপদ ডিজিটাল অবকাঠামোয় ধারাবাহিক বিনিয়োগের প্রতিফলন। ক্রমেই বাংলাদেশের মানুষের দৈনন্দিন আর্থিক কার্যক্রমে ডিজিটাল ব্যাংকিং গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠছে। গত দুই বছর ধরে ‘আস্থা’ অ্যাপে গ্রাহকসংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে লেনদেনের পরিমাণ ছিল ৭৩ হাজার কোটি টাকা, ২০২৫ সালে তিন গুণ বৃদ্ধি পেয়ে হয়েছে ২ লাখ ৩৭ হাজার কোটি টাকা। একই সময়ে বার্ষিক লেনদেনের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৫ কোটি, যা দুই বছর আগের তুলনায় তিন গুণ বেশি।

ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বৃদ্ধির ফলে দৃশ্যমান আর্থিক সাফল্যও এসেছে। ব্র্যাক ব্যাংক ২০২৫ সালে ‘আস্থা’ অ্যাপের মাধ্যমে প্রায় ৪,৭০০ কোটি টাকার বেশি আমানত সংগ্রহ করেছে, যেখানে ৪,৬০০ কোটি টাকা ছিল ফিক্সড ডিপোজিট এবং প্রায় ১১০ কোটি টাকা ছিল ডিপিএস। ব্যাংকটির ডিজিটাল লোনের পরিমাণ দাঁড়িয়েছে ৬১২ কোটি টাকায়, যার মধ্যে ৪০ শতাংশ লোন সম্পূর্ণভাবে সেল্ফ-সার্ভিস প্রক্রিয়ায় গ্রহণ করেছেন গ্রাহকরা।

বর্তমানে মোট সার্ভিস ইন্টারঅ্যাকশনের প্রায় ৩০ শতাংশ সম্পন্ন হচ্ছে সেল্ফ-সার্ভিসের মাধ্যমে। গ্রাহকরা এখন অ্যাপের মাধ্যমেই এনপিএসবি বিরোধ নিষ্পত্তি, যোগাযোগ তথ্য হালনাগাদ, সার্ভিস রিকোয়েস্ট এবং টিআইএন আপডেট করতে পারছেন। ফলে, গ্রাহকদের সময় ব্যয় করে আর ব্রাঞ্চে যেতে হচ্ছে না।

বাংলাদেশভিত্তিক ডিজিটাল ইনসাইটস অ্যান্ড অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ‘অরবিটএক্স’ পরিচালিত এক গবেষণায় দেশের শীর্ষস্থানীয় ব্যাংকিং অ্যাপগুলোর ৫০ হাজার ইউজার রিভিউ বিশ্লেষণ করা হয়। গবেষণায় দেখা গেছে, ‘আস্থা’ অ্যাপ ব্যবহারকারীদের প্রায় ৮০ শতাংশ ইতিবাচক রিভিউ দিয়েছেন, যা অ্যাপটির ব্যবহারযোগ্যতা ও সেবার মানের ব্যাপারে গ্রাহক সন্তুষ্টির প্রতিফলন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *