৬৪ জিবি র্যাম ও ৩০ ঘণ্টার বেশি ব্যাটারি সুবিধায় নতুন লেনোভো থিংকপ্যাড
ক.বি.ডেস্ক: বিশ্ববাজারে নতুন ১৬ ইঞ্চির থিংকপ্যাড ল্যাপটপ উন্মুক্ত করেছে লেনোভো। নতুন থিংকপ্যাড এল১৬ তৃতীয় প্রজন্মের এই ল্যাপটপে সর্বোচ্চ ৬৪ গিগাবাইট র্যাম ব্যবহার করা যাবে। পাশাপাশি শক্তি-সাশ্রয়ী নতুন প্রজন্মের ইন্টেল প্রসেসরের কারণে আনুষ্ঠানিক পরীক্ষায় এটি ৩০ ঘণ্টারও বেশি ব্যাটারি সুবিধা দিতে সক্ষম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন থিংকপ্যাডটিতে ইন্টেলের সর্বশেষ প্যান্থার লেক স্থাপত্যভিত্তিক প্রসেসর ব্যবহার করা হয়েছে। সর্বোচ্চ কোর আল্ট্রা ৭ ৩৫৫ সংস্করণ বেছে নিতে পারবেন। এতে সর্বোচ্চ ১ টেরাবাইট ধারণক্ষমতার দ্রুতগতির তথ্য সংরক্ষণ ব্যবস্থা এবং ৬৪ গিগাবাইট পর্যন্ত ডিডিআর৫ র্যাম যুক্ত করার সুযোগ রয়েছে। ১৬ ইঞ্চির ১২০০ পিক্সেল রেজ্যুলেশনের পর্দা ব্যবহার করা হয়েছে। পর্দার উজ্জ্বলতা ৪০০ নিট এবং ছবি পরিবর্তনের হার ৬০ হার্টজ। এতে স্পর্শবিহীন ও স্পর্শনির্ভর দুই ধরনের পর্দার সংস্করণ পাওয়া যাবে।
ল্যাপটপটিতে রয়েছে ৫৭ ওয়াট-ঘণ্টা ক্ষমতার ব্যাটারি। জাপানভিত্তিক ব্যাটারি পরীক্ষার মানদণ্ডে এটি ৩০ ঘণ্টার বেশি সময় চলতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে লেনোভো। দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ ছাড়াই কাজ করার সুবিধা পাওয়ায় এটি অফিস, ব্যবসা ও ভ্রমণকারী পেশাজীবীদের জন্য উপযোগী হতে পারে।
জুলাইয়ে ওশেনিয়া, পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ইউরোপের কয়েকটি দেশে ল্যাপটপটি বাজারজাত করে লেনোভো। এবার উত্তর আমেরিকা সহ বিশ্বের আরও বিভিন্ন অঞ্চলে এর বাজারজাতকরণ সম্প্রসারণ করা হয়েছে। উত্তর আমেরিকার বাজারে ল্যাপটপটির তুলনামূলক সীমিত সংস্করণ বাজারজাত করা হচ্ছে। সেখানে কোর আল্ট্রা ৫ ৩২৫ প্রসেসর, ১৬ গিগাবাইট র্যাম এবং ৫১২ গিগাবাইট ধারণক্ষমতার তথ্য সংরক্ষণ ব্যবস্থা রয়েছে।
কাজের গতি, বেশি র্যাম এবং দীর্ঘ ব্যাটারি সুবিধার সমন্বয়ে নতুন থিংকপ্যাড এল১৬ তৃতীয় প্রজন্মের ল্যাপটপটি ব্যবসা ও পেশাজীবী ব্যবহারকারীদের জন্য একটি শক্তিশালী বিকল্প হতে পারে। বিশেষ করে যারা বড় পর্দায় দীর্ঘ সময় কাজ করতে চান, তাদের জন্য নতুন এই ল্যাপটপটি আগ্রহের কারণ হয়ে ওঠতে পারে।





