১৪ জুলাই উন্মোচিত হবে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’
ক.বি.ডেস্ক: তরুণদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তব উদ্যোগে রূপ দেয়া এবং দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে আগামী ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে আইসিটি বিভাগ।
অনুষ্ঠানে দেশের স্টার্টআপ খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর উদ্বোধন করা হবে। এই প্ল্যাটফর্ম উদ্যোক্তাদের জন্য একটি জাতীয় ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে, যেখানে সরকারি সহায়তা কর্মসূচি, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট বিভিন্ন সেবার তথ্য একক প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
আইসিটি বিভাগ জানিয়েছে, দেশে একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই স্টার্টআপ এবং উদ্যোক্তা ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছে। প্রাথমিক ধারণা থেকে শুরু করে উদ্যোক্তা উন্নয়ন, প্রশিক্ষণ, মেন্টরিং, অনুদান, অর্থায়ন, বিনিয়োগ সংযোগ এবং ব্যবসা সম্প্রসারণ পর্যন্ত একজন উদ্যোক্তার পুরো যাত্রাপথে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নতুন প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে সমন্বয় বাড়বে, সেবাপ্রাপ্তি সহজ হবে এবং দেশের জাতীয় স্টার্টআপ ইকোসিস্টেম আরও কার্যকর ও গতিশীল হবে।
এই বিশেষ আয়োজনের মাধ্যমে সরকারি সহায়তা কার্যক্রমকে একীভূতভাবে উপস্থাপন করার পাশাপাশি তরুণ, শিক্ষার্থী, গবেষক, উদ্ভাবক, নারী উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং শিল্পখাতের অংশীজনদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে। অনুষ্ঠানে একটি স্টার্টআপের আইডিয়া থেকে প্রোটোটাইপ, উদ্যোক্তা উন্নয়ন, বিনিয়োগ, স্কেল-আপ এবং বৈশ্বিক বাজারে প্রবেশ পর্যন্ত সম্পূর্ণ যাত্রাপথ তুলে ধরা হবে।
সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬-এ স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এরই অংশ হিসেবে সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে, যা উদ্ভাবনী উদ্যোগের অর্থায়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আইসিটি বিভাগ জানিয়েছে, ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শুধু একটি অনুষ্ঠান নয়; এটি দেশের উদ্ভাবনী সম্ভাবনা, উদ্যোক্তাবান্ধব সরকারি সহায়তা, বিনিয়োগের সুযোগ এবং উদ্যোক্তা উন্নয়নের জাতীয় অঙ্গীকারকে একই মঞ্চে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
দেশের তরুণদের উদ্ভাবনের সাহস নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আইসিটি বিভাগ জানায়, আজকের একটি উদ্ভাবনী ধারণাই আগামী দিনের বিশ্বমানের বাংলাদেশি প্রতিষ্ঠানের ভিত্তি হতে পারে। একই সঙ্গে উদ্যোক্তাদের তাদের আইডিয়া ও উদ্যোগকে সফলতার পথে এগিয়ে নিতে সরকারের সমন্বিত ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।





