সাম্প্রতিক সংবাদ

শিক্ষার্থীদের শিল্পের সঙ্গে যুক্ত করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

ক.বি.ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং শিল্পের বাস্তব অভিজ্ঞতার সংযোগ ঘটাতে অনুষ্ঠিত হলো ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’ শীর্ষক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ওরিয়েন্টেশন প্রোগ্রাম। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নেটওয়ার্কিং ও ইন্টারনেট সেবা (আইএসপি) খাতের কাজ, প্রযুক্তি ও পেশাগত দক্ষতা সম্পর্কে ধারণা দেয়া হয়। ‘আপনার দক্ষতা-আগামীর প্রবেশপথ’-এই ভাবনাকে সামনে রেখে এ কর্মসূচিতে শিক্ষার্থীদের শিল্পের বাস্তব পরিবেশের সঙ্গে পরিচিত করার পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনা দেয়া হবে।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ওয়ান স্কাই কমিউনিকেশন্সের উদ্যোগে আয়োজিত ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম। সভাপতিত্ব করেন ওয়ান স্কাই কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান রাজন।

অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা ইশরাত জাহান, আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া, ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিটিএসপিএবি)-এর সভাপতি আবদুল্লাহ ইবনে নুরুল ইসলাম, বাহন লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা রাশেদ আমিন বিদ্যুৎ এবং সামিট কমিউনিকেশন্সের প্রধান বিপণন কর্মকর্তা শারমিন জামান।

রাশেদুর রহমান রাজন বলেন, শিল্পপ্রতিষ্ঠানে হাতে-কলমে প্রশিক্ষণ এবং বাস্তব আইএসপি কার্যক্রমের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে একাডেমিক জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

আয়োজকেরা জানান, তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটভিত্তিক শিল্প দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ খাতে শুধু একাডেমিক জ্ঞান নয়, বাস্তব কাজের অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং পেশাগত আচরণও গুরুত্বপূর্ণ। শিল্পের সঙ্গে শিক্ষার্থীদের আগেভাগে যুক্ত করতে পারলে ভবিষ্যতের কর্মসংস্থানের জন্য তাঁদের আরও প্রস্তুত করা সম্ভব হবে।

‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজক ওয়ান স্কাই কমিউনিকেশন্সের সঙ্গে ওয়ান স্কাই ইনফরমেশন টেকনোলজি (ওএসআইটি), স্কাই ট্র্যাকার এবং প্রগতি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *