বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
ক.বি.ডেস্ক: দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনমান উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা গড়ে তুলতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ‘স্টার্ট আপ’ তহবিল, নারী উদ্যোক্তা ও তরুণ উদ্যোক্তা তৈরিতে ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি আইসিটি বিভাগের আওতাধীন স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড এবং অর্থ বিভাগের বিভিন্ন তহবিলের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণ সহায়তা দেয়া হচ্ছে।
আজ সংসদে ঢাকা-৪ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘দেশের নিম্ন ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। চলমান ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে স্টার্ট-আপ তহবিল খাতে ইতোমধ্যে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী অর্থবছরে এ খাতে বরাদ্দ বাড়িয়ে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা হবে।’’
তিনি আরও বলেন, ‘‘তরুণ উদ্যোক্তারা যাতে সহজে অর্থায়ন, প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা পেতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যাংক ও সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে। সরকারের এসব উদ্যোগ নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরো গতিশীল করবে বলে আশা প্রকাশ করছি।’’





