সাম্প্রতিক সংবাদ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ পরিচালনা করলেন বাংলাদেশের তিতাস সরকার

ক.বি.ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম আন্তর্জাতিক পরিসরে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন দেশের অন্যতম মাইক্রোটিক সার্টিফায়েড ট্রেনার তিতাস সরকার। সম্প্রতি চীনে অনুষ্ঠিত একটি মাইক্রোটিক প্রশিক্ষণ সেশন তিনি পরিচালনা করেছেন, যেখানে স্থানীয় নেটওয়ার্কিং পেশাজীবী ও প্রযুক্তিপ্রেমীরা অংশগ্রহণ করেন।

তিতাস সরকার বাংলাদেশভিত্তিক আইটি প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং প্রতিষ্ঠান টিসফট আইটি-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। তিনি মাইক্রোটিকের ১০টি আন্তর্জাতিক সার্টিফিকেশন অর্জন করেছেন এবং এ পর্যন্ত বাংলাদেশ সহ ভারত, নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় দুই হাজারের বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছেন। তাঁর এই অর্জনের তালিকায় এবার যুক্ত হলো প্রযুক্তির অন্যতম পরাশক্তি চীন।

এ প্রসঙ্গে তিতাস সরকার বলেন, ‘‘নেটওয়ার্কিং জ্ঞানের কোনও সীমানা নেই। বাংলাদেশের একজন প্রশিক্ষক হিসেবে আন্তর্জাতিক মঞ্চে আমাদের দক্ষতা তুলে ধরতে পারাটা শুধু আমার একার নয়, পুরো দেশের জন্যই গর্বের বিষয়। আমার লক্ষ্য হলো প্রযুক্তিনির্ভর এই জ্ঞান যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেয়া।’’

সেশনটিতে মাইক্রোটিক রা্উটারওএস, নেটওয়ার্ক নিরাপত্তা ও আধুনিক নেটওয়ার্কিং কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। এ ছাড়া চীনের মাইক্রোটিক কমিউনিটি ও সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে ভবিষ্যতে এই অঞ্চলে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের পথও তৈরি হয়েছে বলে জানান তিতাস সরকার।

দেশীয় প্রযুক্তি খাতের সঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন, তিতাস সরকারের এই সাফল্য বাংলাদেশের তরুণ প্রযুক্তিপ্রেমী ও নেটওয়ার্কিং পেশাজীবীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং আন্তর্জাতিক পরিসরে দেশের আইটি সক্ষমতার ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।

উল্লেখ্য, তিতাস সরকার দীর্ঘদিন ধরে বাংলা ভাষায় নেটওয়ার্কিং শিক্ষাকে সহজবোধ্য করে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তাঁর লেখা ‘‘মাইক্রোটিক রাউটার নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি’’ বইটি ইতোমধ্যে পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। এ ছাড়া তিতাস সরকার বাংলা ভাষায় ‘নেটওয়ার্কিং’ নিয়ে কমপিউটার বিচিত্রার নিয়মিত লেখক ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *