এসক্যাপ মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, মন্ত্রীর সভাপতিত্বে গুরুত্বপূর্ণ সেশন
ক.বি.ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (এসক্যাপ)-এর ৮২তম অধিবেশনের একটি গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করেছেন। যা আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের ক্রমবর্ধমান নেতৃত্বের প্রতিফলন।
ব্যাংককে অনুষ্ঠিত এ সেশনে ৫৩টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেন। সেশনে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন এগিয়ে নিতে উচ্চপর্যায়ের নীতিগত আলোচনা ও মতবিনিময় হয়। এসক্যাপ-এর ডেপুটি এক্সিকিউটিভ সেক্রেটারি লিন ইয়াং-এর সঞ্চালনায় একটি ইন্টারঅ্যাকটিভ রাউন্ডটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী ফকির মাহবুব আনাম তার বক্তব্যে “কাউকে পিছনে ফেলে না” প্রতিপাদ্যের প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সামাজিক সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারে সরকারের বিভিন্ন উদ্যোগ, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ এর কথা তুলে ধরেন।
অধিবেশনের বিরতিতে মন্ত্রী ফকির মাহবুব আনাম কাজাখস্তানের প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, ই-গভর্ন্যান্স, ডিজিটাল রূপান্তর ও উদ্ভাবন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ টেকসই উন্নয়নের লক্ষ্যে ডিজিটাল উদ্যোগে পারস্পরিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে।
মন্ত্রী “এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশ্বস্ত কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি: জাতীয় নেতৃত্ব থেকে আঞ্চলিক সমাধান” শীর্ষক একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টেও অংশ নেন, যেখানে দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরা হয়।
উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী (২১-২৪ এপ্রিল) ‘কাউকে পেছনে না রেখে: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সকল বয়সের জন্য একটি সমাজ গড়ে তোলা’ স্লোগানে এসক্যাপ-এর ৮২তম অধিবেশন ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে। গতকাল এসক্যাপ-এর ৮২তম অধিবেশনটি উদ্বোধন করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল।





