উদ্যোগ

আইসিটি খাতের উন্নয়নে বিসিএস নেতৃবৃন্দের সঙ্গে সচিবের ফলপ্রসূ বৈঠক

ক.বি.ডেস্ক: আইসিটি সচিব কাজী আনোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস)-এর কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে দেশের আইসিটি খাতের সামগ্রিক উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো শক্তিশালীকরণ, আইসিটি শিল্পের প্রসার এবং দক্ষ মানবসম্পদ তৈরির নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে হার্ডওয়্যার ও আইসিটি সেবাখাতের রপ্তানি বৃদ্ধি, উন্নয়ন এবং উদ্ভাবনী উদ্যোগকে আরও এগিয়ে নিতে সরকারের সঙ্গে বেসরকারি খাতের সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর আইসিটি টাওয়ারে অবস্থিত সচিবের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধিদল এতে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু, যুগ্ম মহাসচিব মো. আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান এবং পরিচালকদ্বয় মো. নজরুল ইসলাম হাজারী ও মো. ইকবাল হোসেইন।

এ সময় বিসিএস নেতৃবৃন্দ সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আইসিটি খাতের বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে সচিবকে অবহিত করেন। পাশাপাশি আইসিটি খাতের উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা বৃদ্ধি, কর-সংক্রান্ত সুবিধা এবং অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সচিব কাজী আনোয়ার হোসেন বিসিএস-এর উদ্যোগগুলোর প্রশংসা করেন এবং দেশের আইসিটি খাতকে আরও এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। তিনি বলেন, ডিজিটাল রুপান্তর গড়ার লক্ষ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ ও যৌথ উদ্যোগের মাধ্যমে দেশের আইসিটি খাতকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *